তিন বছরে বিদ্যুত খাতে যে অগ্রগতি হয়েছে তা ১০ বছরে ঘটেনি: বিদ্যুত প্রতিমন্ত্রী
বিদ্যুত সরবরাহ নির্বিঘ্ন করতে ক্যাপাসিটর ব্যাংক স্থাপনসহ আরো যে সকল পদক্ষেপ নেয়া যায় তা যাচাই করে এক মাসের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
রোববার বিদ্যুত মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা কাউন্সিলের সভায় বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এই নির্দেশ প্রদান করেন। এই কাজ করার জন্যে ডেসা সদস্য তৌহিদুল ইসলামকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।
সভায় বিদ্যুত প্রতিমন্ত্রী দাবি করেন, গত তিন বছরে বিদ্যুত খাতে যে অগ্রগতি হয়েছে তা বিগত ১০ বছরে কখনোই ঘটেনি। তিনি বলেন, এই সরকারের আমলেই পিডিবি প্রথমবারের মত লাভ করেছে।
প্রতিমন্ত্রী বলেন, আর ১০ খাতের মতো টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করে বিদ্যুত খাতের চাহিদা কোনো ভাবেই মেটানো যাবে না।
অন্যদিকে সভায় এফবিসিসিআই সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, বিদ্যুত উৎপাদন খাতে বিগত তিন বছরে উল্লেখ করার মতো কোনো অগ্রগতি হয়নি। কোথায় যে বিদ্যুত খাত আটকা পড়েছে তা আমি বুঝতে পারছি না। যে সকল জটিলতার কারণে বিদ্যুত খাত এগুতে পারছেনা তা ভেঙ্গে বেরিয়ে আসতে হবে।
শ্রমিক নেতা জাফরুল হাসান বলেন, আগেতো সব সময় বলা হতো ট্রেড ইউনিয়নের কারণে উন্নয়ন কাজ করা যাচ্ছে না। কিন্তু এখনতো ট্রেড ইউনিয়ন কোনো বাধা নয়। তা হলে কাজ হচ্ছে না কেন?
সভায় সিদ্ধান্ত হয়, আগামী বৈঠকে পুরোনো বিদ্যুত কেন্দ্রগুলোর উৎপাদন পরিস্থিতি পর্যালোচনা করা হবে।
অন্যান্যের মধ্যে বিদ্যুৎ সচিব, পিডিবি, ডেসা, আরইবি‘র চেয়ারম্যান, পিজিসিবি‘র ব্যবস্থাপনা পরিচালকসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
