মিরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত: গাড়িতে অগ্নি সংযোগ
রাজধানীর মিরপুরের পূর্ব কাজীপাড়ায় রোববার সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ লোকজন রাস্তা অবরোধ করে ১২টি গাড়িতে অগ্নি সংযোগ করেছে।
পুলিশ বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে এলাপাথাড়ি লাঠি চার্জ ও ১৫ রাউণ্ড টিয়ার গ্যাস ছোঁড়ে। এ সময় জনতা আরও ২০/২৫টি যানবাহন ভাংচুর করে।
বিকেল সোয়া তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রোকেয়া সরণী থেকে আইডিবি ভবন ও মিরপুর-১০ পর্যন্ত প্রায় তিন ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
মিরপুরের ১০ নং সেকশনের আবু তালেব হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র অমি (১২) রোববার বেলা সোয়া ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়।
দুর্ঘটনার পর পরই ঘাতক বাসটি দ্রুতবেগে ঘটনাস্থল থেকে চলে যায়। এই মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় নেমে এসে যানবাহন ভাংচুর শুরু করে। এ সময় তারা রাস্তা অবরোধ করে রাখে।
কিছুক্ষণ পরই পুলিশ ও র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার ওপর চড়াও হয়।
৪০ মিনিট পর লোকজন শান্ত হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে এখনও সেখানে উত্তেজনা বিরাজ করছে।
নিহত স্কুল ছাত্র অমির মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর সেখানে তার স্কুলের বন্ধু ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত হলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
রিপোর্টটি লেখা পর্যন্ত এ ঘটনায় কোনও মামলা হয়নি।
