নানা সমস্যার সম্মুখীন মৌলভীবাজারের চা শিল্প
প্রকৃতি নির্ভর বাংলাদেশের চা শিল্প বিবিধ সমস্যার সম্মুখীন। মূলত পরিবেশ বিপর্যয় এই শিল্পের এগিয়ে চলার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়ার পাশাপাশি মানবসৃষ্ট পরিবেশ বিপর্যয়ের ফলে দু‘টি পাতা একটি কুঁড়ির রূপ, রং ও বৈচিত্র্য ম্লান হয়ে যাচ্ছে। পাতায় পাতায় ছড়িয়ে পড়ছে ভয়ঙ্কর সব রোগ।
সূত্র জানায়, চা শিল্পের শ্রমিকরাও ভাল নেই। মৌলভীবাজারের চা-শ্রমিকদের অবস্থাও তথৈবচ। তাদের দৈনন্দিন জীবন সুখকর নয়। ১৯৪৭ সালে উপমহাদেশের স্বাধীনতা লাভের পর দেশের চা বাগানগুলোর আওতায় প্রায় ৩০,৩৮৯ হেক্টর জমি ছিল এবং বার্ষিক উৎপাদন হতো ১৮ দশমিক ৮৬ মিলিয়ন কেজি।
পরে চা বাগানের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৪৭-এ দাঁড়ায়। ১৯৭১ সালে বার্ষিক উৎপাদন ছিল ৩০ দশমিক ১০ মিলিয়ন কেজি। বর্তমানে চা বাগানের সংখ্যা ১৫৮, জমির পরিমাণ প্রায় ১,১৪,৬৭৮ হেক্টর এবং বার্ষিক উৎপাদন ৫২ মিলিয়ন কেজি।
সরজমিন অনুসন্ধানের সময় জনৈক চা-বাগান শ্রমিক নেতা বিডিনিউজকে জানান, চা-শ্রমিকদের অস্বাস্থ্যকর পরিবেশে জীবন-যাপন করতে হয়। শ্রমিকদের মল ত্যাগ করার জায়গাও নেই। যেখানে-সেখানে মল ত্যাগ করার কারণে বাগান শ্রমিকরা নানা অসুখে ভুগছে।
তিনি বলেন, শ্রমিকদের জন্য বাসস্থান, চিকিৎসা ও রেশনের ব্যবস্থা থাকলেও অস্থায়ী শ্রমিকরা এসব সুবিধা পাচ্ছে না। এসব কারণে অস্থায়ী শ্রমিকরা চা-বাগানের অতি প্রয়োজনীয় ছায়াবৃক্ষ (শেড ট্রি) কেটে বাজারে বিক্রি করে দিচ্ছে। ছায়াবৃক্ষের সঙ্গে অনেক মূল্যবান গাছও তারা কেটে ফেলে।
তিনি আরও বলেন, এসব কারণে চা-বাগানগুলো বৃক্ষশূণ্য হয়ে পড়ছে। ছায়াবৃক্ষ না থাকার কারণে খরায় বা উচ্চ তাপমাত্রায় চা পাতা ঝলসে যায়। প্রথম চা রোপণের সাথে সাথে এক সারী অন্তর অন্তর অস্থায়ী ছায়াবৃক্ষ লাগানো হয়। মাটির উর্বরতা বৃদ্ধি এবং চারা গাছ টিকিয়ে রাখতে এ গাছগুলো লাগানো হয়ে থাকে।
কিন্তু এগুলো টিকিয়ে রাখা কষ্টকর। কারণ, বাগানের শ্রমিক এবং কর্মচারীরা, বিকল্প না পেয়ে, পাহাড়ের ঝোপঝাড় ও এসব ছায়াবৃক্ষ জ্বালানী হিসেবে ব্যবহার করে থাকে।
বিশেষজ্ঞদের মতে, অবাধে কীটনাশক ছিটানোর ফলে চা-বাগানের মাটির উর্বরতা কমে যাচ্ছে। অন্যদিকে মুখোশ না পড়ে যারা কীটনাশক ছিটাচ্ছে তারা শ্বাসকষ্ট ও ক্যানসারে আক্রান্ত হচ্ছে। ইদানিং চা বাগানগুলোতে ডায়রিয়া ও এইচআইভি’র প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে।
বিশিষ্ট চা বাগান মালিক ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আলহাজ্ব রাগীব আলী জানান, বাংলাদেশের চায়ের মান কমে গেছে। এই নিুমানের চা নিয়ে ভারত, কোরিয়া প্রভৃতি দেশের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হচ্ছে না। উৎপাদন থেকে প্যাকেজিং পর্যন্ত প্রতিটি পর্যায়ে চা-র মান নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে বাংলাদেশের চা’র ব্যবহার কেবল দেশি ভোক্তাদের মধ্যেই সীমিত হয়ে পড়বে।
তিনি আরও বলেন, প্রকৃতি নির্ভর চা শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে চা বাগান এলাকায় সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন। মানব সৃষ্ট পরিবেশ বিপর্যয়ের হাত থেকে এই শিল্পকে রক্ষা করতে হবে।
