২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনসাধারণের আন্দোলনের কারণে খুলনা সিটি কর্পোরেশন পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে বিপাকে পড়েছে

খুলনা সিটি কর্পোরেশন জনসাধারণের সংগঠিত আন্দোলনের কারণে অন্তর্বর্তীকালীন পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে বিপাকে পড়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 08:55 AM

Updated : 26 Apr 2022, 05:35 PM

প্রকল্প বাস্তবায়িত হলে ফুলতলা এলাকা মরুভূমিতে পরিণত হবে বলে অভিযোগ এনে সেখানকার জনসাধারণ ইতোমধ্যে কিছু কিছু কাজ বন্ধ করে দিয়েছে। প্রকল্পের কাজ অব্যাহত রাখতে উভয় পক্ষের মধ্যে আলাপ-আলোচনা চলছে বলে জানিয়েছে খুলনা সিটি কর্পোরেশন।

জানা গেছে, খুলনা শহরে বসবাসকারী ১৫ লাখ মানুষের জন্য প্রতিদিন ৩ কোটি গ্যালন খাবার পানির প্রয়োজন থাকলেও সরবরাহ হচ্ছে মাত্র ১ কোটি ২৫ গ্যালন।

শহরের পানি সঙ্কট ঘোচাতে ২০০২-০৩ অর্থবছরে এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। গত বছর ৭ জুলাই একনেকের বৈঠকে ৩৩ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা অনুমোদিত হয়। প্রকল্পের আওতায় ফুলতলায় ৪০ টি গভীর উৎপাদক নলকূপ ও ১০ টি বুস্টার স্টেশন বসানো হবে। প্রকল্প এলাকা থেকে নগরীর কেন্দ্রস্থল পর্যন্ত ২২ কিমি সড়কের উভয় পাশে পাইপলাইন স্থাপনের মাধ্যমে প্রতিদিন ৯০ লাখ গ্যালন পানি টেনে আনা হবে বলে সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের কর্মকর্তারা জানান। ২০০৭ সালে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।

এদিকে, প্রকল্প বাস্তবায়নের বিরুদ্ধে প্রকল্প এলাকা ফুলতলায় পানি ও পরিবেশ রক্ষা কমিটির ব্যানারে সেখানকার জনসাধারণ প্রতিদিন বিক্ষোভ, সভা-সমাবেশ ও স্মারকলিপি প্রদান করে তীব্র আন্দোলন গড়ে তুলেছে।

পানি ও পরিবেশ রক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর কায়কোবাদ বিডিনিউজকে জানান, নার্সারির চারা, কলম উৎপাদন এবং বিপণনের ক্ষেত্রে দেশের শীর্ষস্থানে অবস্থানকারী ফুলতলা এমনিতেই পানি সঙ্কটে ভুগছে। প্রতিদিন ৯০ লাখ গ্যালন পানি তুলে নিলে এলাকায় মারাত্মক নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হবে, প্রকারান্তরে এলাকাটির মরুভূমিতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তৈয়েবুর রহমান বিডিনিউজকে বলেন, প্রকল্প নিয়ে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। আমরা দু’পক্ষ আলাপ-আলোচনা করে কাজ চালিয়ে যাচ্ছি।