২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে গলিতে ক্রিকেট খেলারত শিশুকিশোরদের পুলিশের ধাওয়া

নগরীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি গলিতে শনিবার বিকেলে কয়েকজন পুলিশ একটি ভ্যান যোগে হাজির হয়ে ক্রিকেট খেলারত শিশু কিশোরদের হেনস্তা করে এবং একজনকে ভ্যানে তুলে নিয়ে পরে ছেড়ে দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

স্থানীয়রা জানান, ভয় পেয়ে বাসায় ঢুকে পড়লে পুলিশ সদস্যরা শিশু কিশোরদের বাসার সামনে গিয়ে হুমকি দিতে থাকে এবং তাদের ঘরের বাইরে বের করে দিতে বলে।

তিন চার জন পুলিশের এ দলটি কেন এ ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে শিশু বা তাদের অভিভাবকরা তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি।

তবে তারা বলেছেন বিষয়টি নিয়ে তারা আতঙ্কিত এবং কোন অভিযোগ দায়ের করতেও সাহস পাচ্ছেন না।

এব্যাপারে মোহাম্মদপুর থানায় ফোন করা হলে কর্তব্যরত কর্মকর্তা এসআই ইসমাইল কিছুই জানেন না বলে জানান। তবে তিনি বলেন, মোবাইল টিমে যারা রয়েছে তারা এখনো ফেরেনি। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বাবুল এ ব্যাপারে মন্তব্য করতে রাজী হননি।