আবাসিক সংকটের নিরসনের দাবিতে জাবি ছাত্রীদের ৩ ঘন্টা প্রশাসনিক ভবন অবরোধ
আবাসিক সংকটের নিরসনের দাবিতে শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের ছাত্রীরা প্রায় তিন ঘন্টা প্রশাসনিক ভবন অবরোধ করে রাখে।
পরে কর্তৃপক্ষ আগামী জুন মাসের মধ্যে সংকট নিরসনের আশ্বাস দিলে ছাত্রীরা অবরোধ তুলে নেয়।
বিশ্ববিদ্যালয় সুত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের মোট ১০ টি হলের মধ্যে চারটি ছাত্রী হলে ২০০৩-০৪ শিক্ষাবর্ষের প্রায় ৫০০ ছাত্রীকে সিট বরাদ্দ দেয়া হয়। ওই শিক্ষাবর্ষের অনেক ছাত্রী এখনও প্রেয়ার রুম, রিডিং রুম, কমন রুম ও পেপার রুমে অবস্থান করছে। এই অবস্থায় ২০০৪-০৫ শিক্ষাবর্ষে ছাত্রী ভর্তি করায় আবাসিক সংকট প্রকট আকার ধারন করে।
সুত্র আরও জানায়, ছাত্রীদের জন্য খালেদা জিয়া নামে আরও একটি নতুন হল নির্মানাধীন রয়েছে। এই হলের মোট ৫১২ টি সিটের বিপরীতে নতুন শিক্ষাবর্ষের ২৫৬ জনের সিট বরাদ্দ দেয়া হয়েছে। অথচ এই হলের নির্মান কাজ এখনও শেষ হয়নি।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোন মন্তব্য করতে অসম্মতি জানান।
