সুন্দরবনে বাঘ গবেষকদের ফাঁদে একটি রয়েল বেঙ্গল টাইগার
সুন্দরবনের কটকা অভয়ারণ্যে শুক্রবার সন্ধ্যায় বাঘ গবেষকদের পাতা ফাঁদে একটি রয়েল বেঙ্গল টাইগার আটকা পড়েছে। শনিবার সকালে বাঘটির গলায় সফলভাবে রেডিও কলার সংযুক্ত করে মুক্ত করে দেয়া হয়।
প্রায় দুই মাস চেষ্টার পর শুক্রবার প্রথমবাবেব মত একটি রয়েল বেঙ্গল টাইগারকে ধরা সম্ভব হলো।
‘এ স্ট্যাডি অন বিহেভিয়ার এন্ড ইকোলজী অব টাইগার্স ইন সুন্দরবন রিজার্ভ ফরেস্ট অব বাংলাদেশ’ শিরোনামে পরিচালিত বাঘ গবেষণা প্রকল্পের পরিচালক ও সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মিজানুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যায় কটকা অভয়ারণ্যের জামতলা এলাকায় বাঘিনীটি ধরা পড়ে। পরে এটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করে গলায় সফলভাবে রেডিও কলার সংযুক্ত করা হয়। শনিবার সকাল ১০টা নাগাদ বাঘটি জঙ্গলে ঢুকে যায়।
সূত্র জানায়, ইতোমধ্যে বিভিন্ন স্থানের পাতা ফাঁদের ঘেরাটোপ উপেক্ষা করে বাঘ কাটা মাংস এমনকি জ্যান্ত গরু ধরে নিয়ে গেছে, কিন্তু ফাঁদে পা দেয়নি। কয়েকদিন আগে একটি বাঘ ফাঁদে আটকা পড়েও ছুটে যায়। বিশেষ সফলতা না পেয়ে এ মাসের শেষ নাগাদ এই প্রকল্পের কাজ সাময়িকভাবে স্থগিত করার পরিকল্পনা করছিলেন আয়োজকরা। এ অবস্থায় এই সাফল্যকে গবেষকরা একটি টার্নিং পয়েন্ট হিসাবে দেখছেন।
উল্লেখ্য রেডিও কলার পদ্ধতিতে বাঘের গলায় সংযুক্ত ইলেক্ট্রনিক ডিভাইসের সাথে দূর নিয়ন্ত্রিত যন্ত্রের দ্বারা প্রেরিত সংকেতের মাধ্যমে রয়েল বেঙ্গল টাইগারের স্বভাব, গতি-প্রকৃতি, খাদ্যাভাস, চলার এলাকা, শিকার প্রক্রিয়া, যৌন জীবন ইত্যাদী বিষয়ে তথ্য পাওয়া যাবে।
মার্কিন মৎস্য ও বণ্যপ্রাণী ফাউণ্ডেশন এই গবেষণার জন্য প্রয়োজনীয় অনুদান দিচ্ছে।
