২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুর মাংস খেয়ে বাঁচতে চেয়েছিল ভূমধ্যসাগরে পথ হারানো বাংলাদেশী তরুণ

খাবার নেই, পানি নেই। আট দিন ধরে ক্ষুধার জ্বালা সইতে না পেরে হতভাগ্য এক তরুণ ঝাঁপিয়ে পড়লো আরেক যুবক মামুনের ওপর। কামড়ে তুলে ফেললো কয়েক টুকরো মাংস। একই অবস্থা মামুনের। ক্ষুধায় নড়ছে না শরীর। বাঁচার জন্য চিৎকার করে উঠলো। এগিয়ে এলো তার ফুপাতো ভাই রবিউল। সুঠাম দেহ। শরীরে তখনো অবশিষ্ট ছিল কিছু শক্তি। কোনও মতে রক্ষা করলো মামুনকে।

আবু সুফিয়ান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 04:28 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

বাঁচার জন্য সতীর্থের মাংস খেতে চাওয়ার এই ঘটনা শুনে যে কেউ আঁৎকে উঠবেন! এটা কি কোনো সিনেমার গল্প? হয়তো মনে পড়বে আন্দিজ পর্বতমালায় আটকে পড়া রাগবি দলের কথা। দীর্ঘ দিন অভুক্ত থেকে যারা খাবলে খেতে বাধ্য হয়েছিল সতীর্থ খেলোয়াড়দের মাংস।

মামুন-রবিউলদের ঘটনাও কোন গল্প না। অবৈধভাবে স্পেন যাওয়ার পথে ভূমধ্যসাগরে পথ হারানো ক্ষুধার্ত তরুণদের একজন মামুন এমন নির্মম ঘটনার শিকার হয়। ২৫ ফেব্রুয়ারি আলজেরিয়ার কোস্ট গার্ডের হাতে আটক হওয়ার প্রায় দু মাস পর বিডিনিউজ’র কাছে রোমহর্ষক এ ঘটনা বর্ণনা করলেন আটক তরুন রবিউলের মা হাজেরা বেগম। সম্পর্কে তিনি মামুনের মামী।

দালারের খপ্পরে পড়ে অবৈধভাবে স্পেন যাওয়ার পথে বেঁচে যাওয়া ১৪ তরুণের একজন রবিউল। সে এবং তার ফুপাতো ভাই মামুন এখন আলজেরিয়ার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মার সাথে টেলিফোনে কথা বলার সময় রবিউল এই নৃশংস খবর জানায়।

বিডিনিউজ প্রতিবেদক ২১ এপ্রিল দোহার’র লক্ষ্মীপ্রাসাদ এলাকার দেওয়ান বাড়িতে গেলে হাজেরা বেগম ও রবিউলের পিতামহ লালু দেওয়ান এই তথ্য প্রকাশ করেন।

‘ওদের নৌকায় ছিল নয় ঘন্টার খাবার। কিন্তু দিক ভুল করে কয়েকদিন সমুদ্রে ভাসে নৌকাটি। এ সময় ক্ষুধার জ্বালা সইতে না পেরে একজন মামুনের ওপর ঝাঁপিয়ে পড়ে। সে মামুনের শরীর কামড়ে মাংস তুলে ফেলে। এ সময় রবিউল তার ভাইকে বাঁচায়,’ হাজেরা বলেন।

তিনি বলেন, ‘রবিউল আর মামুনের সাথে মাঝে মাঝে আমাদের ফোনে কথা হয়। রবিউল বলেছে, ক্ষুধার জ্বালায় ওদের অবস্থা এমন ছিল যে আমি (রবিউল) না থাকলে ওরা মামুনকে খেয়ে ফেলতো।’

হাজেরার কথার সাথে তার শ্বশুর লালু দেওয়ান যোগ করেন, রবিউল তাদের ফোনে বলেছে যারা সাগরের পানি খেয়েছে তারাই আগে মরেছে। সাগরে আট দিন থাকার পর নবম দিন আলজেরিয়ার কোস্টগার্ড তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

লালু দেওয়ান বলেন, রবিউল এখন সুস্থ আছে। তবে মামুনসহ বেশিরভাগের শরীরে ঘা হয়েছে।

এদিকে উদ্ধারকৃত তরুণদের এখনও ফিরিয়ে না আনায় তাদের পরিবার চরম আতঙ্ক ও উৎকন্ঠায় আছে।

‘মামুন এখনও সুস্থ হয়ে ওঠেনি। তারা চরম উৎকণ্ঠায় আছে। আমাকে বলেছে, মা আমাদের তাড়াতাড়ি ফিরিয়ে নাও’, মামুনের মা বলেন।

ভূমধ্যসাগরের ঘটনায় দোহারের নটাখোলা, গাজিকান্দা ও জয়পাড়ার তিন জন মারা গেছে। এরা হলো কোরবান মোড়লের ছেলে আনোয়ার হোসেন আমির, হীরন বেপারীর ছেলে ফরহাদ এবং হীরন মোল্লার ছেলে আসাদ।

দালালের খপ্পরে পড়ে মাছ ধরা নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে স্পেন যাওয়ার পথে ক্ষুধায় মৃত্যু বরণ করে ১১ বাংলাদেশী তরুণ। হতভাগ্য এই তরুণদের মধ্যে ১০ জনের লাশ ফেলে দেওয়া হয় সাগরে।

২৫ ফেব্রুয়ারি আলজেরিয়ার নৌবাহিনীর হাতে ধরা পড়ে নৌকাটি। তাদের নিয়ে যাওয়া হয় আলজেরিয়ার সেন্ট্রাল হাসপাতালে। সেখানে মারা যায় আরও একজন।