উখিয়ায় নাসাকা বাহিনীর হামলায় ৩২ বাংলাদেশী কাঠুরিয়া গুরুতর আহত
মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকা বাংলাদেশ সীমানার ভেতরে ঢুকে বাংলাদেশী কাঠুরিয়াদের ওপর হামলা চালিয়ে ৩২ জনকে গুরুতর আহত করেছে।
গত বৃহস্পতিবার দুপুরে নাসাকা বাহিনী উখিয়া উপজেলাধীন সদর ইউনিয়নের রাজাপালং এলাকার গোয়ালিয়া পালং-এর সীলের বাঁধ মৌজার সীমান্তবর্তী গভীর অরণ্যে এ ঘটনা ঘটিয়েছে।
বিভিন্ন সূত্র জানায়, প্রতিদিনের মতো দেড় থেকে দু'শ বাংলাদেশী কাঠুরিয়া বৃহস্পতিবার সকালে বাংলাদেশ-মায়ানমার সীমান্তবর্তী গহীন অরণ্যের বাংলাদেশ ভূ-খন্ডে কাঠ সংগ্রহ করতে যায়। কাঠুরিয়াদের উপস্থিতি টের পেয়ে নাসাকা বাহিনী পাহাড়ী এলাকায় ব্যাপক গুলিবর্ষন করে আতংক সৃষ্ঠি করে।
এক পর্যায়ে নাসাকা বাহিনী বাংলাদেশী কাঠুরিয়াদের ঘেরাও করে বেপরোয়া হামলা চালায় ও মারধর করে। সেসময় অর্ধিকাংশ কাঠুরিয়া পালিয়ে আত্মরক্ষা করতে পারলেও ৩২ জন কাঠুরিয়া গুরুতর আহত হয়। নাসাকা বাহিনী কাঠুরিয়াদের হাত-পা কেটে দেয় এবং পেটে মারাত্মকভাবে আঘাত করে। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশংকাজনক।
আহত ১৩ জনকে রামু রাবেতা হাসপাতাল ও উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলো সৈয়দ আলম (২৩), ফরিদ (২০), নজির হোসেন (২৫), আবদুস সালাম (৩৫), রফিক (২৭), সুলতান (৪০), মোহাম্মদ হোসেন (৩৫), নুরুল ইসলাম (২৫), দীল মোহাম্মদ (১৮), নজির আহমদ (২৮), আবদুর রহিম (২৮) ও সৈয়দ আলম (২৪)। এরা সকলেই তুলাতলি, ঢেইল পাড়া ও পূর্ব দরগাহবিল এলাকার বাসিন্দা বলে জানা যায়।
এদিকে অরণ্য থেকে ফেরত আসা কাঠুরিয়ারা স্থানীয় সাংবাদিকদের জানায়, তারা প্রতিদিন সীমান্তবর্তী গহীন পাহাড়ে কাঠ ও বাঁশ সংগ্রহ করতে যায়। যদিও নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশী সীমান্তরক্ষী বাহিনী বিডিআর কাঠুরিয়াদের ওই গভীর অরণ্যে যেতে নিয়মিত বারণ করে থাকে।
কাঠুরিয়ারা জানায়, তারা নিয়মিত নাসাকা বাহিনীকে তাদের দাবী অনুযায়ী পেপসি, কোকাকোলা, ফানটা, গুড়ো দুধ, মিনারেল ওয়াটার, আপেল, আঙ্গুরসহ নানা উপঢৌকন দিয়ে থাকে। কোনও কোনও সময় উপঢৌকন না পেলে নাসাকারা কাঠুরিয়াদের সাথে হিংস্র আচরণ করে।
সূত্র জানায়, কাঠুরিয়ারা নাসাকা বাহিনীর দাবী মেটাতে পারেনি বলেই, তারা উল্লিখিত ঘটনাটি ঘটিয়েছে।
সূত্র জানায় তুলাতলী বিওপির এক বিডিআর জোয়ান তাৎক্ষনিকভাবে এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
