২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে আর্ন্তজাতিক সন্ত্রাসী চক্রের অবস্থানের কোন প্রমাণ নেই: পররাষ্ট্র মন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খান সোমবার বলেছেন, স্থানীয় অপরাধ চক্রের সাথে আর্ন্তজাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সম্পর্কের কোনও প্রমান সরকারের কাছে নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 07:41 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

তিনি তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “দেশে কিছু স্থানীয় অপরাধ চক্র সক্রিয় থাকতে পারে। কিন্তু আমাদের কাছে কোনও প্রমাণ নেই যে এই অপরাধ চক্রের সাথে আর্ন্তজাতিক সন্ত্রাসী গোষ্ঠীর কোন সম্পর্ক রয়েছে। তদুপরি যে কোন হুমকি মোকাবেলায় আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।”

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ড এডমিরাল উইলিয়াম জে ফ্যালন’র বক্তব্যে বাংলাদেশে আর্ন্তজাতিক সন্ত্রাসী চক্রের অবস্থানের কথা উল্লেখ করে দেয়া বক্তব্যের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তিনি বলেন, “বাংলাদেশ এখনও একটি গণতান্ত্রিক ও উদার মুসলিম দেশ হিসেবে পরিচিত। এখানে উগ্রপন্থী সন্ত্রাসবাদের উত্থান হতে দেওয়া হবে না।”

বাংলাদেশের কোস্টগার্ড সদস্যরা যাতে চোরাচালান ও অবৈধ অস্ত্রের চালান প্রতিরোধ করতে পারে সেজন্য যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ দ্রুতগামী নৌযান, যুদ্ধ জাহাজ ও হেলিকপ্টার চেয়েছে।

বিভিন্ন সময়ে সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের উদ্বেগের ব্যাপারে মোর্শেদ খান বলেন, সরকার মানি লন্ডারিং অ্যাক্ট প্রণয়ন করে সন্ত্রাসী চক্রের অর্থায়নের সুযোগ বন্ধ করেছে।

তিনি আরও বলেন সম্প্রতি সরকার সন্ত্রাস সংক্রান্ত কনভেনশন-১১ অনুসমর্থন করেছে। এ সব উদ্যোগগুলোকে তিনি বাংলাদেশ সরকারের সন্ত্রাস দমনে সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন। সন্ত্রাস দমনে তথ্য বিনিময়ের ক্ষেত্রেও বাংলাদেশ সরকার বেশ আন্তরিক বলে তিনি জানান।

মন্ত্রী বলেন, ধর্মের নামে সন্ত্রাসের সাথে সম্পৃক্ত থাকার কারণে বাংলাদেশ সরকার দুটি সংগঠনের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করেছে। শুধু তাই নয় ওই দুটি সংগঠনের বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।