ক্রিষ্টিনা রোকা মে’র দ্বিতীয় সপ্তাহে ঢাকায় আসছেন
দক্ষিণ এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের এসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট ক্রিষ্টিনা রোকা আগামী মাসে ঢাকা সফর করবেন।
পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান সোমবার সাংবাদিকদের বলেন, এ সপ্তাহেই রোকা বাংলাদেশ সফরের পাশাপাশি তার সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। কিন্তু চলতি সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী ইন্দোনেশিয়া সফরে যাবেন বিধায় রোকা সম্ভবত আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ সফর করবেন।
প্রেসিডেন্ট বুশ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটাই হবে রোকার প্রথম বাংলাদেশ সফর।
রোকা বর্তমানে ভারত সফরে রয়েছেন এবং এপ্রিলের ১৯-২০ তারিখে তিনি শ্রীলংকা সফরে যেতে পারেন।
সহযোগিতার ক্ষেত্র তৈরির লক্ষ্যে দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন ব্যুরো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলংকার মতো দেশগুলোতে এই সফরের আয়োজন করেছে।
