২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৯০ বাংলাদেশীকে পাচারের ঘটনায় মূল ব্যক্তি ধরা পড়েনি

সমুদ্রপথে ৯০ বাংলাদেশীকে গ্রীসে পাচার করার ঘটনায় মূল ব্যক্তিকে পুলিশ এখনও চিহ্নিত করতে পারেনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 04:36 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

ইঞ্জিনবোট যোগে বিদেশি জাহাজে ওঠার সময় নৌবাহিনীর টহল জাহাজ রোববার কর্নফুলি নদী থেকে ৯০ বাংলাদেশী ও বোটের তিন মাঝিকে আটক করে। পরে আটককৃতদের সিএমপি পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম খান বিডিনিউজকে বলেন, আটককৃতদের জিঞ্জাসাবাদ করা হচ্ছে। কিন্তু কেউই সঠিক তথ্য দিচ্ছে না। তিনি আরও বলেন, আটককৃত তিন মাঝিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে এবং বাকি ৯০ জনকে নিরাপত্তা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, তিন মাঝি সেলিম রহমান, আব্দুল হক ও মোহাম্মদ লোকমানকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে। পলিশ ধারণা করছে, মাঝিদের সূত্র ধরেই ঘটনার মূল ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব হবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাঝিরা পুলিশকে জানিয়েছে, পটিয়া থানার মাস্টার হাট এলাকার জনৈক মহিউদ্দিন তাদেরকে কুতুবদিয়া যাওয়ার জন্য পাঁচ হাজার টাকায় ভাড়া করে।

এদিকে পুলিশ রোববার রাতে গ্রেফতারকৃত মাঝি সেলিমকে নিয়ে মাস্টার হাটে মহিউদ্দিনের বাড়িতে হানা দেয়। পুলিশ তার বাড়ি থেকে কাউকে গ্রেফতার করতে পারেনি।