নোয়াখালীতে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় দু‘বখাটের শাস্তি
জেলা সদর থানার চাপ্রাশির হাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করাসহ শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগে স্থানীয় দু‘যুবককে দেড়শ বেত্রাঘাত ও ১০ বার কান ধরে উঠবস করার শাস্তি প্রদান করা হয় এবং এ মর্মে তাদের কাছ থেকে মুচলেকাও আদায় করা হয়।
শনিবার রাতে স্কুল মিলনায়তনে এক সালিশ বৈঠকে অভিযুক্তদেরকে এ শাস্তি প্রদান করা হয়।
জানা যায়, সদর থানার নরসিংহপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে নিজাম উদ্দিন দয়াল (২১) ও হাফিজ উল্যার ছেলে সাইফ উল্যাহ (২০) একই গ্রামের মুন্সি মিয়ার মেয়ে এবং চাপ্রাশির হাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী টুনি বেগমকে (১৪) স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করতো।
কয়েকদিন আগে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ওই দুই বখাটে টুনির পথ রোধ করে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এসময় টুনির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়।
এ ব্যাপারে টুনি প্রধান শিক্ষক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করলে স্কুল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে শনিবার রাতে সালিশ বৈঠক বসে।
সালিশ-বিচারে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের উল্লিখিত শাস্তি প্রদান করা হয়।
