২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র সন্ত্রাসের বিরুদ্ধে দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধিতে বাংলাদেশকে সাহায্য করবে

সফররত মার্কিন প্যাসিফিক কমান্ডের কমান্ডার এডমিরাল উইলিয়াম জে ফ্যালন সন্ত্রাসের বিরুদ্ধে দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধিতে বাংলাদেশকে সাহায্যের আশ্বাস দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 09:21 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

রোববার পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খানের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ফ্যালন বলেন, এই চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের যথেষ্ট দক্ষ কর্মী রয়েছে বলে তিনি এই বাংলাদেশকে আশ্বাস দেন। এতে বাংলাদেশের সামরিক বাহিনীর পাশাপাশি জনগনও উপকৃত হবে।

পররাষ্ট্রমন্ত্রী ফ্যালনের আশ্বাসের প্রশংসা করেন এবং দক্ষতা অর্জনে তাদের সহায়তা গ্রহণে সম্মতি প্রকাশ করেন। এছাড়াও তিনি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সরঞ্জাম এবং সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের খুঁজে বের করতে (যদি থাকে) সহায়তা গ্রহণ করা হবে বলে জানান।

বাংলাদেশে কোনও আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী তৎপর রয়েছে কিনা এ সংক্রান্ত প্রশ্নের জবাবে ফ্যালন বলেন, “বাংলাদেশে বেশ কিছু সন্ত্রাসী তৎপরতা ও অস্ত্রের চালানের কথা জানা গেছে। আমরা জানি যে আন্তর্জাতিক পর্যায়ে নেটওয়ার্কের মাধ্যমে এসব সন্ত্রাসীরা নিজেদের সংগঠিত করে বিভিন্ন সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে।”

ইউএস এডমিরাল বলেন, সন্ত্রাসী গোষ্ঠীরা সংগঠিত হওয়ার জন্য বিভিন্ন ধরনের চাপ, দুর্বলতা ও অস্থিরতাকে কাজে লাগাতে চায়। সন্ত্রাসী গোষ্ঠী দেশে অভুত্থান ঘটাতে পারে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তবে  তাঁর ধারণা বাংলাদেশ সরকার এই চ্যালেঞ্জ সম্পর্কে অবগত এবং এক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একসাথে কাজ করার সুযোগ রয়েছে।

বাংলাদেশে সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতার স্বপক্ষে তার কাছে কোনও প্রমাণ রয়েছে কিনা এ প্রশ্নের জবাবে কয়েকটি অস্ত্রের চালানের উল্লেখ করে ফ্যালন বলেন, এ সমস্ত অস্ত্র সামরিক বাহিনী বা অন্য কোনও গোষ্ঠীর কাছে যাচ্ছে না। আমার মনে হয় না এ সমস্ত অস্ত্র দারিদ্র্য দূরীকরণে কৃষি অথবা দেশের জনগনের উপকারে আসবে।

তিনি বলেন, বাংলাদেশে বেশ কিছু ধর্মীয় উগ্রপন্থী গোষ্ঠী রয়েছে যারা নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করছে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তথ্য আদান প্রদানের মাধ্যমে সাহায্য করতে পারে।

এ সমস্ত সন্ত্রাসী গোষ্ঠির সাথে আন্তর্জাতিক কোনও সন্ত্রাসী চক্রের যোগাযোগ রয়েছে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাসী গোষ্ঠীরা ভিন্ন মতাদর্শ ও ভিন্ন চেতনার। যার ফলে দেশে দেশে এমনকি একেক মহাদেশে তাদের মতাদর্শ একেক রকম। তবে কিছু বিষয়ে তাদের মধ্যে মিল রয়েছে।

তিনি বলেন, এ সকল সন্ত্রাসী গোষ্ঠী ইরাক, আফগানিস্তানসহ বিভিন্ন স্থানে সমন্বিত ভাবে কাজ করেছে। তারা আফগানিস্তানকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করে। সন্ত্রাসীরা একটি দেশের দুর্বলতার সুযোগ নেয় এবং সহায়ক শক্তিকে ক্ষমতায় বসাতে প্ররোচিত করে।

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, তারা সন্ত্রাস নিয়ে আলোচনা করেননি। বাংলাদেশে সন্ত্রাসবাদ মেনে নেওয়া হবে না এবং সরকার এ ব্যাপারে যথেষ্ট সচেতন।

তিনি বলেন, সরকার কিছু সংগঠনকে নিষিদ্ধ ঘোষনা করেছে এবং এ ব্যাপারে বেশ কিছু লোককে  গ্রেফতার করা হয়েছে।

মোর্শেদ খান বলেন, যুক্তরাষ্ট্র মনে করে যৌথ ভাবে কাজ করলে এই অঞ্চলে সন্ত্রাসী কর্মকান্ড মাথাচারা দিয়ে উঠতে পারবেনা। দুর্যোগ ব্যবস্থাপনা এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে বিশেষ দল গঠনসহ যেসব ক্ষেত্রে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাহায্য নিতে পারে সে সকল ক্ষেত্রে দক্ষতা অর্জনের ব্যাপারে কথা হয়েছে বলে তিনি জানান।

পররাষ্ট্র মন্ত্রী সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের (যদি থাকে) বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও হেলিকপ্টার চেয়েছেন।

পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন এবং মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস বৈঠকে উপস্থিত ছিলেন।