সাউথ ওয়েস্ট রোড নেটওয়ার্ক ডেভলমেন্ট প্রকল্পের কাজ সম্পন্ন হবে মে মাসে
দেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ নেটওয়ার্ক উন্নয়নে সাউথ ওয়েস্ট রোড নেটওয়ার্ক ডেভলপমেন্ট প্রকল্পের কাজ আগামী মাসে সম্পন্ন হতে যাচ্ছে। এ প্রকল্পের জন্য এশিয়া উন্নয়ন ব্যাংক ১২ শ’ কোটি টাকা অর্থ সহায়তা দিয়েছে।
এক তথ্য বিবরণীতে রোববার জানানো হয়, যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা শনিবার সাউথ ওয়েস্ট রোড নেটওয়ার্ক ডেভলপমেন্ট প্রজেক্ট এবং নবনির্মিত আড়িয়াল খাঁ ব্রিজ সরেজমিন পরিদর্শন শেষে প্রকল্প প্রকৌশলিদের সাথে আলোচনাকালে একথা বলেন।
এ প্রকল্পের কাজ ২০০১ সালে শুরু হয়। এর আওতায় মংলা বন্দরের মাধ্যমে দেশের রপ্তানি বাণিজ্য বৃদ্ধি এবং বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, পটুয়াখালী, খুলনা, যশোরসহ দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের একশ ৬২ কিলোমিটার মহাসড়ক উন্নয়ন, দু শ ছোট-বড় ব্রিজ, কালভার্ট নির্মাণ ও প্রতিস্থাপন এবং ৪৬ কিলোমিটার নতুন মহাসড়কের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
