শান্তিচুক্তির সাত বছর পরও পাহাড়ের স্থানীয় প্রশাসনের বিধিমালা নেই, উন্নয়ন ব্যাহত
পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরের সাত বছর পরও পাহাড়ের স্থানীয় প্রশাসনিক কার্য বিধিমালা প্রণ ীত হয়নি। বিধিমালার অভাবে পার্বত্য আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদগুলো উন্নয়নে সঠিকভাবে ভূমিকা রাখতে পারছে না।
রোববার পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন বিষয়ক মন্ত্রী পরিষদ কমিটির দ্বিপক্ষীয় বৈঠকেও বিষয়টি আলোচিত হয়। কমিটির নবম এই বৈঠক কোনও সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বলে বৈঠক সূত্র জানায়।
কমিটির সভাপতি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে তার কার্যালয়ে বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী এম. মোরশেদ খান, ভূমি প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সৈয়দ ওহিদুল আলম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান এবং অন্যপক্ষে আঞ্চলিক পরিষদ সদস্য ও জনসংহতি সমিতির শীর্ষ স্থানীয় নেতা সুধাসিন্ধু খীসা, গৌতম কুমার চাকমা ও কেএস মং প্রমুখ অংশ নেন।
প্রায় একঘন্টার বৈঠক শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান বিডিনিউজকে বলেন, আন্তরিক পরিবেশে দ্বিপক্ষীয় ওই বৈঠক ফলপ্রসূ হয়েছে।
তিনি জানান, বৈঠকে শান্তিচুক্তি বাস্তবায়নে আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদগুলোর কার্য বিধিমালার প্রণয়নের বিষয়টি প্রাধান্য পায়।
আঞ্চলিক পরিষদ সদস্য ও জনসংহতি সমিতির শীর্ষ নেতা কেএস মং বিডিনিউজকে জানান, বৈঠকে আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদগুলোর কার্য বিধিমালা প্রণয়নের বেশ কিছু বিষয়ে উভয়ে মতৈক্যে পৌঁছেছে। তবে শেষ পর্যন্ত কোনও সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর জনসংহতি সমিতির সঙ্গে সরকারের ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষর হয়। শান্তিচুক্তি অনুযায়ী ১৯৯৮ সালে গঠন করা হয় পার্বত্য আঞ্চলিক পরিষদ। ১৯৮৯ সালে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানÑএই তিন পার্বত্য জেলা পরিষদ গঠন হয়। চুক্তির পরে জেলা পরিষদগুলোর কর্ম পদ্ধতির আনা হয় পরিবর্তন। পাহাড়ে এখন পাহাড়ি-বাঙালি মিলিয়ে প্রায় ১৫ লাখ লোকের বসবাস।
