২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ এপ্রিল চট্টগ্রাম সিটি নির্বাচন নিয়ে ঢাকায় উচ্চ পর্যায়ের বৈঠক হবে

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে চলতি মাসের ২১ তারিখে ঢাকাস্থ নির্বাচন কমিশনে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। অপরদিকে ১৮ এপ্রিল চট্টগ্রামের বিভাগীয় কমিশনার স্থানীয় প্রশাসনের সাথে বৈঠক করবেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

চট্টগ্রাম উপ নির্বাচন কমিশন সূত্র জানায়, ঢাকায় অনুষ্ঠেয় বৈঠকের কর্মসূচির প্রস্তুতির জন্য ১৮ তারিখের বৈঠক ডাকা হয়েছে। এছাড়াও আগামীকালের বৈঠকে নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম কোথায় খোলা হবে এবং নির্বাচনের আগে ও নির্বাচনের দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন আছে কিনা সে ব্যাপারেও পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 

উপ নির্বাচন কমিশন সূত্র আরও জানায়, প্রতি কেন্দ্রে একজন করে ম্যাজিষ্ট্রেট এবং ম্যাজিষ্ট্রেটের সাথে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্য  দেওয়া হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারির বাইরে কোনও বেসরকারি অথবা দায়িত্বশীল প্রতিষ্ঠানের কাউকে যুক্ত করা হবে কিনা সে ব্যাপারেও উপনির্বাচন কমিশন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চাইবে বলে  সূত্র জানায়।

ইতোমধ্যেই চারদলীয় জোট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারিদের এবং বিরোধী দল ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিদের নির্বাচনের কাজে অংশ নেয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছে।