বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেনের প্রধান বিচারপতি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট খারিজ
বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেনের প্রধান বিচারপতি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান ও বিচারপতি মাঈনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেয়।
মামলার বাদী সাবেক অস্থায়ী বিচারপতি আবদুস সালাম মামুন জানিয়েছেন, আদালতের পরামর্শ অনুযায়ী তিনি এ বিষয়ে রাষ্ট্রপতির কাছে যাবেন।
বাদী আবদুস সালাম মামুন ২০০২ সালের ২৭ জুলাই অস্থায়ী বিচারপতি হিসেবে হাইকোর্টে যোগ দেন। দু বছর দায়িত্ব পালন করার পর তাকে স্থায়ী না করে আরও ছয় মাসের জন্যে নিয়োগ দেয়া হয়। ২০০৫ সালের ফেব্র“য়ারি মাসে তার ছয় মাসের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর চাকুরি স্থায়ী করা বা পুনরায় নিয়োগ দেওয়া হয়নি।
আবদুস সালাম মামুনের দায়েরকৃত রিটে অভিযোগ করা হয়, প্রধান বিচারপতি বিরাগবশত তার চাকুরি স্থায়ী করার ব্যাপারে সুপারিশ করেননি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি অনুরাগ বা বিরাগবশত কোনও সিদ্ধান্ত নিতে পারেন না। তাই প্রধান বিচারপতি পদে থাকার বৈধতা তিনি হারিয়েছেন।
আদালত অভিমত ব্যক্ত করে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হয়। রাষ্ট্রপতির আদেশে গঠিত হয় এ কাউন্সিল । প্রধান বিচারপতি ও অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে রাষ্ট্রপতি কাউন্সিল গঠনের আদেশ দেন। আদালত বাদীকে রাষ্ট্রপতির কাছে যাওয়ার পরাশর্শ দেন।
বাদী নিজেই মামলাটি পরিচালনা করেন। অন্যদিকে সরকারের পক্ষে মামলাটি পরিচালনা করেন এডিশনাল এর্টনি জেনারেল এজেড মোহাম্মদ আলী।
