আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার রায়, ২২ জনের ফাঁসি ও ৬ জনের যাবজ্জীবন -আপডেট
চাঞ্চল্যকর আহসানউল্লাহ মাস্টার এমপি হত্যা মামলার রায়ে আদালত ২২ জনের ফাঁসি এবং ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে। দ্রুত বিচার আদালত শনিবার এ রায় ঘোষণা করে।
২০০৪ সালের ৭ মে এই জনপ্রিয় আওয়ামী লীগ নেতা শহরতলী টঙ্গীতে নিজ বাসভবনের কাছে স্বেচ্ছাসেবক লীগের জনসভায় বক্তৃতাকালে বন্দুকধারীদের গুলিতে নিহত হন।
অন্যদিকে, চার্জশীটভুক্ত দু আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণীত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দিয়েছে।
ঢাকা দ্রুত বিচার আদালতের বিচারক শাহেদ নূরউদ্দিন এ রায় ঘোষণা করেন। চাঞ্চল্যকর এই রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গনে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
ফাঁসির আদেশপ্রাপ্ত ২২ আসামীর মধ্যে কারাগারে আছে পাঁচজন। বাকি ১৭ জন এখনও পলাতক রয়েছে।
কারাগারে আটক অবস্থায় ফাঁসির আদেশ পাওয়া আসামীরা হলো- নুরুল ইসলাম সরকার, মোহাম্মদ আলী, মাহবুবুর রহমান, আমীর ও জাহাঙ্গীর ওরফে বড় জাহাঙ্গীর।
পলাতক আসামীরা হলো- নুরুল ইসলাম দীপু, সৈয়দ আহমেদ মঞ্জু, শহিদুল ইসলাম শপ, হাফিজ ওরফে কানা হাফিজ, আনোয়ার হোসেন ওরফে আনু, ফয়সাল, সোহাগ ওরফে সরু, লোকমান ওরফে বুলু, আল-আমীন, রতন মিয়া ওরফে বড় মিয়া, রনি মিয়া, জাহাঙ্গীর রতন ওরফে ছোট রতন, আবু সালাম, মশিউর রহমান, খোকন এবং দুলাল মিয়া।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলো-রকিব উদ্দিন সরকার ওরফে পাপু সরকার, আয়ুব আলী, জাহাঙ্গীর, নুরুলআমীন, মনির এবং ওহিদুল ইসলাম টিপু (পলাতক)।
আদালত হত্যা মামলার রায়ে কবীর হোসেন এবং আবু হায়দারকে বেকসুর খালাস দেন।
বিচারক শাহেদ নূরউদ্দিন বেলা ১২ টা ৮ মিনিটে ৬১ পৃষ্ঠার রায় পাঠ শুরু করেন এবং ১২টা ৪৫ মিনিটে শেষ করেন।
আদালত আহসান উল্লাহ মাস্টারসহ আরও এক জনকে হত্যার অভিযোগে যুবদল নেতা নুরুল ইসলাম সরকারকে দুই বার ফাঁসির আদেশ দেন।
রায় ঘোষণার পর আহসান উল্লাহ মাস্টারের সমর্থকরা আসামীদের ভ্যানে জুতা নিক্ষেপ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে।
আদালত ১০৯, ১২০/ক, ২১২, ৩০২, ৩০৭, ৩২৪, ৩৩৪, ১২০ এবং খ/৩৪ ধারায় এই রায় ঘোষণা করে।
আহসান উল্লাহ মাস্টার হত্যার পর তার ছোট ভাই মতিউর রহমান টঙ্গী থানায় হত্যা মামলা দায়ের করেন।
টঙ্গীর নোয়াগাঁওয়ে এম এ মজিদ স্কুল মাঠের ওই জনসভায় ঘাতকদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে আহসান উল্লাহ মাস্টার ছাড়াও ওমর ফারুক রতন নামে এক স্কুল ছাত্র নিহত হয়। মাহফুজুর রহমান মহাল, বাবুল, শরিফুদ্দিন আকাশ, হাশেম মালিক ও খোরশেদ আলম আহত হয়।
হত্যার জন্য এফআইআর-এ ১৭ জনকে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে পুলিশ ৩০ জনকে অভিযুক্ত করে চার্জ গঠন করে।
২০০৪ সালের ১০ অক্টোবর থেকে আদালতে মামলার ১৩৪ কার্যদিবসে মোট ৭৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
অন্যদিকে, শুনানীকালে আসামী পক্ষের আইনজীবীরা যুবলীগ নেতা মাহফুজুর রহমান মহালের সাথে অন্তর্দ্বন্দ্বের কারণে আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেন।
স্পেশাল পাবলিক প্রসকিউটর আব্দুল লতিফ তালুকদার, কাজী মোহাম্মদ মরোয়ার হোসেন এবং সাহারা খাতুন বাদীর পক্ষে এবং আসামীদের পক্ষে এডভোকেট মোহাম্মদ শরফুদ্দিন মুকুল, মোহাম্মদ সালাউদ্দিন মিয়া, নজরুল ইসলাম ও বদরুল ইসলাম আদালতে মামলা পরিচালনা করেন।
রায় ঘোষণার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় নিহত এমপি’র ছেলে জাহিদ আহসান রাসেল এমপি বলেন, মামলার রায়ে আমি খুশি। তবে রায় কার্যকর হলেই কেবল আমরা সন্তুষ্ট হবো।
রায় ঘোষণা উপলক্ষে টঙ্গী এবং রাজধানীর বিভিন্ন এলাকার হাজার হাজার আওয়ামী লীগ নেতা-কর্মী আদালত প্রাঙ্গনে ভিড় জমায়। এ সময় তারা আসামীদের বহন করা ভ্যানে জুতা ও ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশের লাঠিচার্জে বেশ কিছু নেতা-কর্মী আহত হয়।
