২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা পাড়ের ৩ লাখ মানুষ আতঙ্কিত, বাঁধ নির্মাণে প্রধানমন্ত্রীর প্রতিশ্র“তির বাস্তবায়ন হচ্ছে না

ফারাক্কা ব্যারেজের ১৮ কিলোমিটার ভাটিতে নিমতিতা নামক স্থানে ভারত কর্তৃক নদীর পাড় রক্ষায় হার্ডপয়েন্ট নির্মাণ করার ফলে পানির প্রবাহ দিক পরিবর্তন করায় গত কয়েক বছরে পদ্মা নদীর ভয়াবহ ভাঙ্গনে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার পদ্মাপাড়ের লক্ষাধিক মানুষ সর্বস্ব হারিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 11:50 AM

Updated : 26 Apr 2022, 05:33 PM

অন্যদিকে, সর্বগ্রাসী পদ্মা নদীর ভাঙ্গন রোধের জন্য প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্র“তির বাস্তবায়ন চলতি শুষ্ক মৌসুমেও হচ্ছে না বলে ধারনা করা হচ্ছে।

উলে­খ্য, গত ১৯ ডিসেম্বর শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুরের জনসভায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছিলেন, পদ্মা নদীতে বাঁধ হবে। আদৌ এ বছরে বাঁধ হবে কিনা, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে অনিশ্চিয়তা দেখা দিয়েছে।

জানা গেছে, পদ্মাপাড়ের নদীভাঙ্গন কবলিত লোকজন মাথা গোঁজার ঠাঁই না পেয়ে দেশের বিভিন্ন স্থানে ভাসমান ও দূর্বিষহ জীবন যাপন করছে। এক সময়ের সম্পদশালী ব্যক্তিরাও পদ্মা গর্ভে সর্বস্ব হারিয়ে এখন দিনমজুরী করে জীবিকা নির্বাহ করছে। তারা বস্তি অথবা অন্যের তৈরি জীর্ণ কুঁড়েঘরে দিন যাপন করছে। অথচ কয়েক বছর আগেও তাদের জীবনে সচ্ছলতা ছিল। পদ্মার করাল গ্রাসে সব হারিয়ে তারা আজ নিঃস্ব।

চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ উপজেলার উপর দিয়ে প্রবাহিত পদ্মা নদীর বাম তীরে ৩ লাখেরও বেশি মানুষের বসবাস। ভাঙ্গন কবলিত এলাকার এই মানুষগুলোর মধ্যে আতঙ্ক ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, পদ্মা নদীর বাম তীরের ভাঙ্গন রোধকল্পে ২০০১-২০০২ অর্থবছরে ৭টি স্পারের সম্পূর্ণ ও ১টি স্পারের  আংশিক নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। গত ২০০৩ সালের বন্যায় প্রায় ৪ কি.মি. এলাকা ভাঙ্গন কবলিত হয়। এতে অসমাপ্ত ১নং স্পার নদীগর্ভে বিলীন হয়ে যায়।

এদিকে পানির প্রবাহ বাম তীর ঘেঁষে প্রবাহিত হওয়ায় নদীভাঙ্গন আরও ভাটির দিকে এগিয়ে আসে। এতে ২নং স্পার-এর উজানে প্রায় ৩ কি.মি. ব্যাপী এলাকায় নদীর বাম তীর ৫০০ মিটার হতে ১৫০০ মিটার ভিতরের দিকে ঢুকে পড়ার কারণে ২নং স্পারও নদীগর্ভে বিলীন হয়ে যায়।

২নং স্পার হতে উজানে বাংলাদেশ-ভারত সীমান্ত পর্যন্ত পদ্মা নদীর বাম তীরে প্রায় ১৫ কি.মি. দীর্ঘ এলাকায় নদীভাঙ্গন প্রতিরোধকল্পে ব্যাংক রিভেটমেন্ট, স্পার ও গ্রোয়েন না থাকায় উজান হতে নেমে আসা পানির প্রবল স্রোতে ২নং স্পার হতে আইয়ুব বিশ্বাসের টোলা পর্যন্ত প্রায় ৮ কি.মি. দীর্ঘ এলাকায় ব্যাপক ভাঙ্গন সংঘটিত হচ্ছে।

পদ্মা নদীর বাম তীরের ভাঙ্গন রোধকল্পে ৪টি স্পারসহ অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য ২০০৩ সালের ডিসেম্বরে পানি উন্নয়ন বোর্ডে ৬৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয় সম্বলিত একটি নতুন প্রকল্প সারপত্র (পিসিপি) দাখিল করা হয়। উক্ত প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা কাজের পিসি-২ একনেক কর্তৃক অদ্যাবধি অনুমোদিত না হওয়ায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মডেল স্টাডির জন্য উপদেষ্টা নিয়োগ করতে পারছে না। ফলে প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষার কাজ বিলম্বিত হচ্ছে।

বর্তমানে ২নং স্পারের উজানে পদ্মা নদী পাগলা নদী হতে মাত্র ২০০ মিটার দূরে অবস্থান করছে এবং নদীভাঙ্গন এখনও অব্যাহত আছে। এ অবস্থায় ২০০৪-২০০৫ অর্থ বছরে শুষ্ক মৌসুমেই ২নং স্পারের উজানে নদীর পাড় রক্ষায় জরুরি ভিত্তিতে ৩ কি.মি. দীর্ঘ ব্যাংক রিভেটমেন্টের কাজ না সারলে পদ্মা নদী পাগলা নদীর সাথে একীভূত হয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক এবং চাঁপাইনবাবগঞ্জ শহরকে ভাঙ্গনের মুখে ফেলবে।

তাছাড়া পাগলা নদী মহানন্দা নদীর সাথে মিলিত হয়ে পদ্মা নদীর বাম তীরে এক স্রোতধারায় পরিণত হয়ে গোদাগাড়ির নিকট পুনরায় পদ্মানদীর সাথে মিলিত হবে। এতে বাংলাদেশের এক বিরাট অংশ দুই স্রোতের মধ্যে অবস্থান করবে। এ অবস্থায় সীমান্ত রেখা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এরূপ ঘটনা ঘটলে সীমান্ত থেকে পদ্মা নদী ১২-১৩ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে সরে আসবে। ফলে ভারতের সীমান্ত-আগ্রাসন যে কোনও সময় শুরু হতে পারে।

এ ব্যাপারে পাউবো‘র নির্বাহী প্রকৌশলী জানান, পদ্মা নদীর ডান তীরে ভারত কর্তৃক নির্মিত হার্ডপয়েন্ট হতে দিক পরিবর্তিত পানি পদ্মার বামতীর হতে মধ্য খাড়িতে সরিয়ে দেওয়ার জন্য আইয়ুব বিশ্বাসের টোলার নিকট একটি হার্ডপয়েন্ট গ্রোয়েন নির্মাণ করা প্রয়োজন। যার নির্মাণ ব্যয় ১৫ কোটি টাকা।

অপরদিকে দক্ষিণ উজিরপুরের নিকট পদ্মা নদী পাগলা নদীর সাথে যাতে একীভূত হয়ে না যায় তার প্রয়োজনে ৩ কি.মি. দীর্ঘ ব্যাংক রিভেটমেন্ট নির্মাণ করতে হবে, তাতে ব্যয় হবে ৩৬ কোটি টাকা। মোট ৫১ কোটি টাকা ২০০৪-২০০৫ অর্থবছরেই সংস্থান করা প্রয়োজন।

তিনি বলেন, তা না হলে শিবগঞ্জ পৌর এলাকা, ছত্রাজিতপুর, নয়ালাভাঙ্গা, রানীহাটী, ঘোড়াপাখিয়া ও সুন্দরপুর ইউনিয়ন ভাঙ্গনের মুখে পড়বে। ফলে বাড়ি-ঘর, স্কুল-কলেজ, মাদ্রাসা, স্বাস্থ্য কমপ্লেক্স, আমবাগান, গাছপালা ও ফসলি জমিসহ হাজার হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হবে।