গ্যাস অনুসন্ধানে কারিগরি সহায়তা, সিমেন্ট ও জনশক্তি আমদানি করবে কাতার
বানিজ্য বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করা এবং গ্যাস অনুসন্ধানসহ জনশক্তি ও সিমেন্ট আমদানির মাধ্যমে বাংলাদেশকে সহায়তা দিতে সম্মত হয়েছে কাতার।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ সফরকারী কাতারের আমীর শেখ হামাদ বিন খলিফা আল-থানি ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে সরকারি এক বৈঠক শেষে দুদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
কাতারের আমীর বাংলাদেশকে গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে কারিগরি সহায়তা দেয়ার আশ্বাস দেন। দু’দেশের মধ্যে বিমান যোগাযোগ আরও সহজ করার জন্যও উভয় দেশ সম্মত হয়েছে।
আল-থানি বাংলাদেশের সাথে বানিজ্য সম্পর্ক আরও বৃদ্ধি করতে এবং বাংলাদেশ থেকে সিমেন্ট আমদানি করার আগ্রহ প্রকাশ করেছেন। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য শিগগিরই বিশেষজ্ঞ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
আমীর কাতারের উন্নয়নে সেদেশে বসবাসকারী বাংলাদেশী শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করে তাদের প্রশাংসা করেন। তিনি বলেন, কাতার বিভিন্ন দেশ থেকে জনশক্তি আমদানি করবে এবং এর মধ্যে বাংলাদেশ থেকেও বিপুল পরিমান শ্রমিক নেওয়া হবে।
আল-থানি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ন ভূমিকার কথা তুলে ধরে বাংলাদেশের প্রশংসা করেন।
উভয় দেশের মধ্যে সংবাদ বিনিময়ের জন্য বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস) ও কাতার এজেন্সির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এর আগে কাতারের আমীর শেখ হামাদ বিন খলিফা আল-থানি শুক্রবার বিকেলে দুই দিনের সফরে ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। বিকেল ৪টা ৫৫মিনিটে জিয়া বিমানবন্দরে পৌঁছলে রাষ্ট্রপতি ডঃ ইয়াজউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে স্বাগত জানান।
আল-থানির সফরসঙ্গী হিসেবে রয়েছেন কাতারের প্রথম উপ প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, বানিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী এবং সরকারের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
