বিশ্বব্যাপী সন্ত্রাস দমনে বাংলাদেশ ও কাতার একযোগে কাজ করবে
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুক্রবার বলেছেন বিশ্বব্যাপী সন্ত্রাস দমনে বাংলাদেশ ও কাতার একে অন্যের সহযোগী হিসেবে কাজ করবে।
সফররত কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির সম্মানে আয়োজিত নৈশভোজে তিনি বলেন, রাজনীতি এবং অর্থনীতিসহ সকল আন্তর্জাতিক ইস্যুর ক্ষেত্রে আমাদের মতাদর্শ এক। আমাদের উদ্দেশ্য বিশ্বব্যাপী উন্নয়ন, শান্তি ও স্থীরতা রক্ষা।
প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, বিশ্বাসের ভিত্তিতে ১৯৭৫ সালে বাংলাদেশ ও কাতারের মধ্যে দ্বিপক্ষীয় মৈত্রী গঠিত হয়। কাতারকে বাংলাদেশের পরম বন্ধু রাষ্ট্র হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্র্তমানে কাতারে প্রচুর সংখ্যক বাংলাদেশী শ্রমিক কর্মরত রয়েছে। তারা উভয় দেশের কল্যান ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে।
তিনি বলেন, জনগনের জীবন যাত্রার মানোন্নয়নে বাংলাদেশ প্রভুত উন্নতি সাধন করেছে।
দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে নিরব বিপ্লব সাধিত হয়েছে। মাথাপিছু আয় বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, মানব উন্নয়ন সূচক বৃদ্ধি এবং সামাজিক ও স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। দেশটির এক বিশাল স্থানীয় বাজার রয়েছে। কৃষির জন্য রয়েছে মানব সম্পদ ও উর্বর ভূমি এবং গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদ।
তিনি বলেন, বাংলাদেশের ম্যাক্রো-ইকনমিক সূচক ইতিবাচক দিকে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সন্তোষজনক, অর্থনৈতিক প্রবৃদ্ধির মাত্রা ৫ দশমিক ৫ এবং রপ্তানি প্রবৃদ্ধি ১৬ শতাংশে উন্নিত হয়েছে, যা ৭ দশমিক ৬ মার্কিন ডলারের কাছাকাছি।
প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলে উজ্জ্বল বিনিয়োগ ভবিষ্যত সৃষ্টি হবে। ভ্রাতৃপ্রতিম দেশ কাতার বাংলাদেশের বিদ্যুৎ, টেলিযোগাযোগ, পর্যটন, অবকাঠামোগত উন্নয়ন, টেক্সটাইল ও কৃষিভিত্তিক শিল্পের এই সহায়ক পরিস্থিতির সুবিধা নেবে।
