নিসর্গভূমি পাহাড়ের বিপুল পর্যটন সম্ভাবনা ক্রমেই ম্লান হয়ে যাচ্ছে
পাহাড়, অরণ্য, ঝর্ণাধারার নিসর্গভূমি পার্বত্য চট্টগ্রামের বিরাট পর্যটন সম্ভাবনা দিন দিন সংকুচিত হচ্ছে।
সরজমিন অনুসন্ধানে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি, পাহাড়ে নিরাপত্তা তল্লাশী ইত্যাদি দেশী-বিদেশী পর্যটকদের বিব্রত করছে। রাজনৈতিক অস্থিরতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমানবতির কারণে অনেকই দূর পাহাড়ের দেশে আসতে ভয় পান।
পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, আদিবাসী অধ্যুষিত নয়নাভিরাম সবুজ পাহাড়ের দেশে রয়েছে পর্যটনের বিশাল সম্ভবনা। রাঙ্গামাটির বি¯তৃর্র্ণ লেক, ঝর্ণাধারা সহজেই আকৃষ্ট করে পর্যটকদের। কিন্তু ব্রিটিশ আমলে গড়ে তোলা এই পার্বত্য জেলায় এখনও যোগাযোগ ব্যবস্থা বেশ নাজুক। উপরন্তু আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমানবতিও নেতিবাচক প্রভাব ফেলছে পর্যটন শিল্পে।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষর হওয়ার পর পাহাড়ে উন্মোচিত হয় বিপুল সম্ভাবনার দুয়ার। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, খুন, অপহরণ, চাঁদাবাজিসহ নানান সন্ত্রাসের কারণে সবই এখন ভেস্তে যেতে বসেছে।
২০০১ সালের ফেব্র“য়ারি মাসে রাঙ্গামাটির নানিয়ারচরের দূর্গম কালাপাহাড়ে নয় লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত হন তিনজন বিদেশী উন্নয়নকর্মী। সেনা অভিযান চালিয়ে একমাস পর উদ্ধার করা হয় তাদের। ওই ঘটনার পর থেকেই রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানÑএই তিন পার্বত্য জেলার প্রবেশ মুখে বসানো হয় নিরাপত্তা বাহিনীর একাধিক চেকপোস্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ম বেঁধে দেয় বিদেশীদের পার্বত্য জেলা সদরের বাইরে যেতে হলে নিরাপত্তা বাহিনী সাথে নেওয়ার। এই নিয়ম এখনও বহাল রয়েছে। এই নিয়ম বিদেশী পর্যটকদের জন্য কাল হয়েছে।
শান্তিচুক্তি স্বাক্ষরকারী আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বরবরই অভিযোগ করে বলছেন, এখনও চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। শান্তিচুক্তি বিরোধী ইউপিডিএফ’র (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) সশস্ত্র সন্ত্রাসীরা সর্বত্র সক্রিয়। আদিবাসী উৎসব বৈসাবি (বৈসুক, সাংগ্রাই ও বিঝু) উদ্বোধনকালে সোমবার পাহাড়িদের এক সমাবেশে তিনি বলেন, পাহাড়ে এখন চলছে সেনাসন্ত্রাস, সেনাশাসন।
বিপুল পর্যটনের সুযোগ থাকায় রাঙ্গামাটি জেলা সদরে কাপ্তাই লেক ঘিরে গড়ে উঠেছে শতাধিক আবাসিক হোটেল। একমাত্র সরকারি আবাসিক হোটেলটি পর্যটন করপোরেশনের।
কিন্তু বৈসাবি উৎসবের সময়েও দেশী-বিদেশী পর্যটকদের ভীড় নেই সেখানে।
পর্যটন করপোরেশনের হোটেল ম্যানেজার ফজলুর রহমান বিডিনিউজকে বলেন, রাঙ্গামাটির লেকটি পর্যটকদের খুবই আকৃষ্ট করে। কিন্তু বিদেশী পর্যটকদের এখানে নিরাপত্তা বাহিনী নিয়ে চলাফেরা করতে হয়। এটি তাদের জন্য সব সময়ই বিব্রতকর।
তিনি প্রশ্ন রেখে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে পাহাড়ে পর্যটন শিল্পের বিকাশ হবে কিভাবে?
বেসরকারি আবাসিক হোটেল সুফিয়ার ম্যানেজার সাইফুল ইসলাম জানান, গত বছরের চেয়ে এবছর পর্যটকের সংখ্যা কমে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, বিদেশী পর্যটকদের এখানে আসতে স্বরাষ্ট্র মন্ত্র্রনালয় থেকে অনুমতি নিতে হয়। তাছাড়া, বিদেশী পর্যটকরা আসার সময় চেকপোস্টে বিভিন্ন হয়রানির শিকার হন বলে এখানে তারা আসতে চান না।
আরও এক বেসরকারি হোটেল পেদাটিং টিং-এর ম্যানেজার প্রতাপ দেওয়ান বলেন, আইন-শৃঙ্খলার অবনতির কারণে এখানে পর্যটকের সংখ্যা অনেক কমে গেছে।
জেলা প্রশাসক গাজী মোহাম্মদ জুলহাজ অবশ্য ভিন্ন কথা বলেন। তিনি বলেন, দূর্গম পাহাড়ে খুন, অপহরণ ও চাঁদাবাজি সবই বিচ্ছিন্ন ঘটনা।
তিনি দাবি করে বলেন, অন্য যেকোনও সময়ের চেয়ে এখন রাঙ্গামাটির আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল। পর্যটনের বিরাট সম্ভাবনাকে কাজে লাগিয়ে এই শিল্পকে আরও বিকশিত করার সুযোগ রয়েছে এখানে।
