সাভারের ধ্বসে যাওয়া গার্মেন্টস ফ্যাক্টরির নকশা কোথায়? ড. কামালের প্রশ্ন
জাতীয় ঐক্যমঞ্চের সমন্বয়ক এবং গণ ফোরাম সভাপতি ড.কামাল হোসেন বৃহস্পতিবার সাভার ট্রাজেডির পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে লাশ উদ্ধারের পর পুরো এলাকাটি সিলগালা করে দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
তিনি আরও বলেন, উদ্ধার অভিযানের স্বার্থেই ধ্বসে যাওয়া ভবনের নকশা খুজে বের করতে হবে।
সাভারের বাইপাইল এলাকায় দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শণ শেষে এক সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তুলে বলেন,‘ভবনটির নকশাটি কোথায়? এখনও পর্যন্ত কেন তা খুঁজে বের করা হয়নি?’
ড. কামালসহ ঐক্যমঞ্চের নেতারা বৃহস্পতিবার দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শণ করেন এবং প্রশাসনের সাথে কথাবার্তা বলেন। উদ্ধার অভিযান সম্পর্কে ড. কামাল বলেন, সমস্ত পরিকল্পনার মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। তবে উদ্ধার অভিযানে সেনা সদস্যরা তাদের সর্বোচ্চ চেষ্টাটাই করছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, ক্রেন এবং উদ্ধারের জন্য অন্যান্য যন্ত্রপাতি আসতে কেন এত দেরি হল?
নিহত গার্মেন্টস শ্রমিকদের স্মরণে তিনি শুক্রবার জাতীয় শোক দিবস পালনের এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার প্রস্তাব দেন।
ড.কামাল নিহত ও আহতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোকে আইনগত সাহায্য দেয়ার ওপর জোরর দেন।
তিনি বলেন, আমরা সঠিকভাবে তাদের দিকে দৃষ্টি দিতে পারছি না। ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে সে কারণে উদ্ধার তৎপরতার জন্য আমাদেরকে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করে আগে থেকেই সতর্ক হতে হবে।
সংবাদ সম্মেলনে সাইফুদ্দিন আহমেদ মানিক, এ্যাডভোকেট জহিরুল ইসলাম, পঙ্কজ ভট্টাচার্য এবং মোস্তফা মহসিন মন্টু উপস্থিত ছিলেন।
