২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোনও সংবাদপত্রকেই এখন তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে না: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম বলেছেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করেছে। কোনও সংবাদপত্রকেই এখন তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে না।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিবেদক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 03:40 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

তিনি বলেন, সংবাদপত্র আজ যে স্বাধীনতা ভোগ করছে, তার সব কৃতিত্বই বিএনপির।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আধুনিক সুবিধা সম্বলিত মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঢাকা ব্যাংকের আর্থিক সহায়তায় প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে মিলনায়তনটি সংস্কার করা হয়।

সংগঠনের সভাপতি শফিকুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন, ঢাকা ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান হায়াতুজ্জামান, ডিআরইউর প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল কবির, সাবেক সভাপতি আজমল হোসেন খাদেম, ইত্তেফাক’র নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার, ইউএনবির সম্পাদক গোলাম তাহাবুর ও ডিআরইউ’র সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বাদশা বক্তব্য রাখেন।

তথ্যমন্ত্রী শামসুল ইসলাম বলেন, বর্তমান বিশ্বে বিভাজনের পরিবেশ বিরাজ করছে। এ অবস্থায় রিপোর্টার্স ইউনিটির ঐক্য ও অগ্রগতি প্রশংসার দাবি রাখে।

তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, সংবাদপত্রগুলো সরকারের নেতিবাচক দিকের পাশাপাশি ইতিবাচক দিকগুলোও তুলে ধরছে। মন্ত্রী সাংবাদিকদের প্রযুক্তির ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান।

শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন সাংবাদিকদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, সংবাদপত্রের স্বাধীনতার কারণে সাংবাদিকরা সমাজের অনেক কিছুই বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে পারছে। তরুণ সাংবাদিকদের ব্যাপক উদ্ভাবনী শক্তি রয়েছে। তাদের মধ্যে আরও কর্ম উদ্দীপনা সৃষ্টি করতে হবে।

এর আগে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধমে ডিআরইউ’র সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।