তামাক নিয়ন্ত্রণ আইন বাংলাদেশকে স্বাস্থ্য সচেতন দেশের মর্যাদা দিয়েছে: ড. খন্দকার মোশাররফ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের স্বাস্থ্য ঝুঁকি কমনোর লক্ষ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হয়েছে। এ আইন বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে স্বাস্থ্য সচেতন দেশের মর্যাদা দিয়েছে।
বুধবার নগরীতে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সমর্থন ও গনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ স্কাউট আয়োজিত র্যালিতে তিনি একথা বলেন।
ড. মোশাররফ বলেন, তামাক নিয়ন্ত্রণ আইনের আওতায় পাবলিক যানবাহন ও জনবহুল স্থানে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। এ আইনের বিষয়ে ইতোমধ্যে জনগণের মধ্যে বেশ ইতিবাচক সাড়া লক্ষ করা গেছে। এ আইনের মাধ্যমে সকল প্রকার তামাক ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধ হয়েছে।
তিনি ভবিষ্যত প্রজন্মের জন্য তামাকজনিত দূষনমুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
স্কাউট র্যালিতে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও স্কাউটের প্রধান জাতীয় কমিশনার মুহ. ফজলুর রহমান ও স্কাউটের অন্যান্য নেতারা অংশ নেন।
