২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা বৈশাখ উপলক্ষ্যে নগরীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

পহেলা বৈশাখ উপলক্ষ্যে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 06:44 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

র‌্যাবের ১৭ শ’ সদস্য এবং নিয়মিত বাহিনীর ৭ শ’ সদস্যসহ ৭ হাজার আইন রক্ষাকারী সদস্য নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেবে বলে আশা করা যাচ্ছে।

রমনার বটমূলে ২০০১ সালে  ছায়ানটের ওপর ভয়াবহ বোমা হামলা পর সরকার পহেলা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তার দিকে জোর দেন।

এদিকে র‌্যাব সূত্রে বলা হয়, নিরাপত্তা জোরদার করার জন্য তারা সেদিন অত্যাধুনিক টেলিযোগাযোগ সিস্টেম ব্যবহার করবে। র‌্যাব-১ এবং র‌্যাব-২ এর সদস্যরা রমনা বটমূল এবং তদসংলগ্ন আভ্যন্তরীণ নিরাপত্তা বেষ্টনির আওতায় প্রহরায় থাকবে।

নগরীর সোহরাওয়ার্দ্দী উদ্যান, শিশু পার্ক , সড়ক ভবন, হাইকোর্ট, শিল্পকলা একাডেমী, রাষ্ট্রীয় অতিথি ভবন সুরমা এবং যমুনা, বার্ডেম হাসপাতাল, ঢাকা ক্লাব, ডিপিএইচ ভবন, ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট, ভাসানী সড়ক, কাকরাইল, জাতীয় সম্প্রচার কেন্দ্র এবং শাহবাগ স্কোয়ার নিরাপত্তা বেষ্টনির বর্হিবিভাগের আওতার মধ্যে থাকবে।

নিরাপত্তা কর্মীরা রমনা পার্কের প্রবেশদ্বারে দর্শনার্থীদের নিরাপত্তাজনিত পরীক্ষার জন্য  মেটাল ডিটেকটর ব্যবহার করবে। অপরাধীদের সনাক্ত করার জন্য নগরীর বিভিন্ন পয়েন্টে এ বছর ভিডিও ক্যামেরা স্থাপন করা হবে।   

এছাড়া, পিজি ক্রশিং থেকে ফিসারিজ বিল্ডিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তা বন্ধ রাখার আদেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পহেলা বৈশাখের অনুষ্ঠানসূচীতে অংশগ্রহণ করার জন্য দর্শকদের  একটি নির্দিষ্ট প্রবেশ পথ রাখারও পরামর্শ দিয়েছে ডিএমপি। ব্যাগ, বাস্কেট, ব্রিফকেস, প্যাকেট এবং গিফট বক্স বহন না করারও আহবান জানানো হয় এতে।