নদীর উজানে বাঁধ দিয়েছে ভারত: পঞ্চগড়ে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
উজানে ভারত কর্তৃক বাঁধ ও ব্যারেজ নির্মাণ নদীর স্বাভাবিক গতি পথ পরিবর্তন করায় পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত ২০ টিরও বেশি নদী বিশাল বালুচরে পরিণত হচ্ছে। ফলে সারা জেলায় ভূগর্ভস্থ পানির নিুগমনসহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় রয়েছে।
পঞ্চগড়ের উপর দিয়ে প্রবাহিত ২০টিরও বেশি নদীর প্রায় প্রতিটির প্রবেশ মুখে ভারত বাঁধ নির্মাণ করে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে। বিশেষ করে সীমান্তের ওপারে গজলডোবা ব্যারেজ নির্মাণ করে পানি প্রত্যাহার করায় মহানন্দা, করতোয়া, ডাহুক, তালমা চাওয়াইসহ জেলার প্রধান নদীগুলো মরা খালে পরিণত হতে চলেছে।
আবার বর্ষায় ইচ্ছামত বাঁধের গেট খুলে দেওয়ার কারণে নদীতল বালিতে ভরে যায়, দেখা দেয় অকাল বন্যা। অপরদিকে এসব কারণে নদীর তীরবর্তী এলাকার প্রাকৃতিক ভারসাম্যও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সমগ্র এলাকা নীরব মরুকরণের দিকে এগিয়ে চলেছে। বর্তমানে এসব নদীতে নৌকার বদলে চলছে বিভিন্ন প্রকার চাষাবাদ।
নাব্যতা ও নদী ড্রেজিং বিষয়ে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে তারা কোনও মন্তব্য করতে রাজি হয়নি।
যাই হোক, জেলার নদীগুলোকে সচল রাখতে এবং এর পরিবেশ সুরক্ষা করতে অবিলম্বে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ সহ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের নিয়মিত বৈঠকে পানির ন্যায্য হিস্যা আদায়ের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
