ফরিদপুরে যুবদল নেতা গুলিবিদ্ধ
শহরের গোয়ালচামট এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে শহর যুবদলের সভাপতি গুরুতর আহত হয়েছেন । স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করার পর আবার রাতেই তাকে ঢাকা পঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুবদল নেতা রেজাউল ইসলাম রেজওয়ান (৩৫) গোয়ালচামট বাসস্ট্যান্ডের কাছে একটি সেলুনে বসেছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দু কিশোর হঠাৎ পিস্তল বের করে রেজাউলকে লক্ষ্য করে পর পর দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। দুটি গুলিই তার কাঁধে লাগে।
গুলিবিদ্ধ হওয়ার পরপরই স্থানীয় লোকজন তাকে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। সেখান থেকে রাত সোয়া আটটার দিকে তাকে ঢাকা পঠানো হয়।
এদিকে রেজাউলের গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়লে যুবদল কর্মীরা ফরিদপুর-ঢাকা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়। জেলা যুবদল এ ঘটনার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে।
