জনগণ আন্দোলন চায় না, তারা শান্তিতে বসবাস করতে চায়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলে জনগণকে ধোঁকা দেয়া যাবে না। জনগণ আন্দোলন চায় না। তারা শান্তিতে বসবাস করতে চায়।
মঙ্গলবার বিকেলে বাগেরহাট খান জাহান আলী কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জনসভায় প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল শুধু দেশেই নয়, বিদেশ গিয়েও মিথ্যাচার করছে। দেশ যখন সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, তখন তারা এ দেশকে মৌলবাদী তালেবান আলকায়দার দেশ বলে অপপ্রচার চালাচ্ছে।
সংবিধান অনুযায়ী সময়মত আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাগেরহাটের উন্নয়নের জন্য জেলার চারটি সংসদীয় আসনের সবগুলোতে বিএনপিসহ চারদলীয় জোট প্রার্থীদের নির্বাচিত করুন। আমরা বিগত দিনে বাগেরহাটে ব্যাপক উন্নয়ন করেছি। আগামী দিনেও করবো।
বাগেরহাট জেলা বিএনপি সভাপতি এম.এ.এইচ.সেলিম এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্বাস্থ্যমন্ত্রী ড. মোশাররফ হোসেন এমপি, বাগেরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও জাতীয় সংসদের হুইপ মো.আশরাফ হোসেন এমপি, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, খুলনার মেয়র শেখ তৈয়েবুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল আলম তালুকদার, বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা মো. মশিউর রহমান ও প্রমুখ।
স্থানীয় বক্তারা বাগেরহাটের উন্নয়নে মংলা বন্দর ও মংলা ইপিজেড উন্নয়ন এবং ফয়লা বিমান বন্দর নির্মাণের দাবি জানান।
এর আগে দুপুরে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হেলিকপ্টারযোগে বাগেরহাট পৌঁছে ৫০ শয্যায় উন্নীত কচুয়া হাসপাতাল, নবনির্মিত বাগেরহাট শহর রক্ষা বাঁধসহ সড়ক এবং জেলা পুলিশ লাইন উদ্বোধন করেন। এ সময় তিনি বাগেরহাট প্রেস ক্লাবের বর্ধিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সন্ধ্যায় জনসভা শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে বাগেরহাট ত্যাগ করেন।
