ঢাকায় বিডিআর-বিএসএফ বৈঠক শুরু বুধবার
বাংলাদেশ রাইফেলস এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে সীমান্ত বিষয়ক বিবাদমান বিতর্ক নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক বুধবার ঢাকায় শুরু হচ্ছে।
ইতিমধ্যে বিএসএফ’ মহাপরিচালক শ্রী আর এস মোসাভারির নেতৃত্বে ভারতের ১৬ সদস্য বিশিষ্ট দলটি ঢাকায় এসে পৌছেছে বলে বিডিআর সূত্র জানায়।
সূত্র জানায়, ৪-দিনব্যাপী এ বৈঠকে ২২ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গির আলম চৌধুরী ।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগন, বিভিন্ন সীমান্তের আইজিপি এবং বিএসএফ কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তারাও এতে যোগদান করবেন।
অপরদিকে বিডিআরের কর্মকর্তাগণ ছাড়াও বাংলাদেশ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বিশেষজ্ঞগণ বৈঠকে অংশগ্রহন করবেন বলে সূত্র জানায়।
বিডিআর সূত্রে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ১২টি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করবে।
বিডিআরের এক উচ্চ পদস্থ কর্মকর্তা বিডিনিউজকে জানান, বিএসফের দ্বারা প্রতিনিয়ত বাংলাদেশীদের উপর হত্যা ও জখম করার ইস্যুগুলোর উপর জোর দেয়া হবে বৈঠকে। এছাড়া, সেদেশে বাংলাদেশী অপরাধীদের আশ্রয় দানসহ অন্যান্য নিরাপত্তা বিষয়ক ইস্যুগুলো আলোচনায় স্থান পাবে।
সূত্র আরও জানায়, ভারতীয় সম্প্রচার মাধ্যমে বিএসএফের দেয়া মিথ্যা তথ্যের ব্যাপারটিও আলোচনায় আনা হবে।
বিডিআর সূত্রে বলা হয়, সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ এবং ফেনসিডিল ও অন্যান্য সামগ্রী চোরাচালান নিয়ে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা হবে বৈঠকে।
বাংলাদেশের পক্ষে অন্যান্য এজেন্ডার মধ্যে সীমান্তে বাংলাদেশীদের উপর বিএসএফ এবং ভারতীয় নাগরিকদের সহিংসতা, বাংলাদেশী সীমান্তে ভারতের নির্মাণ কর্মকান্ড, অবৈধ রাস্তা নির্মাণ, কাটাতারের বেড়া এবং ব্রীজ নির্মানসহ ভারতীয় কর্তৃপক্ষের অন্যান্য কর্মকান্ডের পর্যালোচনা স্থান পাবে। বাংলা ভাষাভাষী ভারতীয়দের বাংলাদেশে পুশ ইন, আন্তঃসীমান্ত অপরাধ চক্রের প্রতিরোধ, অপহরণ, ভারতীয় নাগরিক কর্তৃক গরু পাচার, পতাকা বৈঠকের ব্যাপারে প্রত্যাখ্যান বা সাড়া না দেয়া, ভারতীয় বিদ্রোহীদের বাংলাদেশে আশ্রয় দানের মিথ্যা অজুহাত দাড় করানো এবং ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশস্থ বাধ ভেঙ্গে দেয়ার মত ইস্যুগুলো বৈঠকে স্থান পাবে।
গত ৩০ মার্চ, বিডিআর এবং বিএসএফর একটি কোম্পানি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ১ শ’ ৫০ গজ আন্তর্জাতিক সীমান্ত নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বিএসএফ সীমান্তে বাঙ্কার খনন ও চা বাগান করবে না বলে প্রতিশ্র“তি দিয়েছিল। এছাড়া বিএসএফ বাংলাদেশরে অভ্যন্তরে বৈদ্যুতিক আলো বিচ্ছুরণ থেকে নিস্ক্রিয় থাকবে বলে আশ্বাস দিয়েছিল।
