বকেয়া হোল্ডিং ট্যাক্স ইস্যুতে বরিশাল মেডিকেলের চারটি চেয়ার জব্দ
বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ের জন্য মঙ্গলবার শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, পরিচালক এবং উপপরিচালকের চেয়ার জব্দের মত নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে বরিশাল সিটি করপোরেশন।
চেয়ার জব্দের ঘটনার পর কলেজের সংশ্লিষ্টরা বেশ বিপাকে পড়ে গেছে। দিনভর এটাই ছিলো টক অব দ্য টাউন।
বরিশাল সিটি করপোরেশনের আয়কর বিভাগের কর আদায়কারী কেএম বজলুর রহমান প্রতিবেদককে জানান, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৭৩ লাখ ৫৭ হাজার এবং শেরে বাংলা মেডিকেল কলেজে ৯৭ লাখ ৬৩ হাজার টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স রয়েছে। বকেয়া আদায়ের জন্য একাধিকবার নোটিশ দেয়া হলেও বকেয়া পরিশোধ না করায় কর্তৃপক্ষ চেয়ার জব্দ করেছে।
বুধবার বরিশাল বিএম কলেজে একই ধরনের অভিযান চালানো হবে তিনি জানান। তাদের কাছে বকেয়া রয়েছে ৩১ লাখ ৯৬ হাজার টাকা। এছাড়াও জেলার সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ৬ কোটি ৮০ লাখ টাকা বকেয়া রয়েছে।
