রাজধানীসহ সারা দেশে ২৪ ঘন্টায় ৬ খুন
পারিবারিক বিরোধ, ডাকাতের হাতে ও পৃথক আরো কয়েকটি ঘটনায় রাজধানীসহ ছয়টি জেলায় গত চব্বিশ ঘন্টায় ছয়জন খুন হয়েছে।
রাজধানীর উত্তরা এলাকায় রোববার গভীর রাতে ডাকাতিকালে পালিয়ে যাওয়ার সময় একদল ডাকাত খুন করে নৈশপ্রহরী ইউনুস আলীকে (৪৬)। ডাকাতরা তার লাশ গাওয়াইর এলাকার একটি ম্যানহোলে ফেলে পালিয়ে যায়।
উত্তরা থানায় যোগাযোগ করা হলে সাব-ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ বিডিনিউজকে জানান রাত আনুমানিক ২টার দিকে ৮/৯ জনের ডাকাতদলটি উত্তরার আশকোনার জনৈক মমতাজ উদ্দিনের ৬৪ নম্বরের বাসায় প্রবেশ করে।
ডাকাতদল ঘরের সবাইকে একটি কক্ষে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ সাত হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের চিৎকারে ইউনুস আলী ডাকাতদের ধাওয়া করে। এ সময় ডাকাতরা তাকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
এদিকে গোপালগঞ্জের কাশিয়ানি রাজপাট কৃষি ব্যাংক শাখার সেকেন্ড অফিসার আইয়ুব হোসেন মোল্লাকে (৫৫) একদল ডাকাত গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে। রোববার রাত একটার দিকে ব্যাংকের ভিতরে এ ঘটনা ঘটে।
নিহতের বাড়ি নড়াইল জেলার কালিয়া থানার যোগানিয়া গ্রামে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, জেলা শহর থেকে প্রায় ৪০ কিমি দূরে রাজপাট বহুমুখী উচ্চবিদ্যালয় ভবনে অবস্থিত কৃষি ব্যাংকের জানালার রড ভেঙে এক দল ডাকাত ভিতরে প্রবেশ করে ও ভোল্ট ভাঙ্গার চেষ্টা করে। ব্যাংকের ভেতরে অবস্থানকারী আইয়ুব হোসেন এতে বাধা দেয়ার চেষ্টা করলে ডাকাতরা তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।
ব্যাংকের ভোল্ট ভাঙ্গতে ব্যর্থ হয়ে পরে ডাকাত দল রাজপাট বাজারের বিভিন্ন দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের কারণে স্বামী শফিকুল ইসলাম খুন করেছে তার স্ত্রী রাহেলা বেগমকে (৩৫)। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে।
যশোরে ঘের সংক্রান্ত মারামারির ঘটনায় আহত বুলবুল ওরফে বুলু (৪০) সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুলু যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়ার বাসিন্দা জনৈক জোহর আলীর পুত্র।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আট দিন আগে ঘের সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় সে মাথা ও বুকে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়।
লক্ষ্মীপুরের রামগতিতে সোমবার দুপুরে জমি সংক্রান্ত বিরোধে ভাগিনা সাইদুল হকেরর ধারালো অস্ত্রের কোপে নিহত হয়েছে মামা সিরাজুল ইসলাম (৪৬)।
রামগতি উপজেলার চর সেকান্দার গ্রামে দুপুর ১২টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের পিতার নাম মৃত আবদুল হক।
ঘাতক ভাগিনা পলাতক রয়েছে।
সিরাজগঞ্জের বেলকুচী উপজেলার এক গ্রাম্য সালিশের সময় সংঘর্ষে আব্দুল কাদের (৬০) নামে এক বৃদ্ধ খুন হয়।
স্থানীয় সূত্র জানায়, গ্রামের একটি ডোবার আইল কাটাকে কেন্দ্র করে এই হত্যাকান্ড সংঘটিত হয়। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
