গরু চড়ানোকে কেন্দ্র করে ভারতীয়দের সঙ্গে সংঘর্ষে ছিটমহলের ২০ জন আহত
গরু চড়ানোকে কেন্দ্র করে ভারতীয়দের সঙ্গে সংঘর্ষে বাত্রিগাছ ছিটমহলের নারী ও শিশুসহ ২০ গুরুতর আহত হয়েছে। এ নিয়ে সেখানে উত্তেজনা রিবাজ করছে।
শনিবার দুপুরে মাঠে গরু চড়ানোকে কেন্দ্র করে ছিটমহলের একজন অধিবাসীর সঙ্গে ভারতীয় অধিবাসীর ঝগড়ার সূত্র ধরে এই সংঘর্ষ শুরু হয়। লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলায় দুর্গাপুর ইউনিয়নে বাত্রিগাছ ছিটমহলের অবস্থান।
সংঘর্ষের ঘটনার একদিন পর ছিটমহল থেকে পালিয়ে আসা হারুণ মিয়া (৩৮) বিডিনিউজকে জানান, ছিটমহলের অধিবাসী রহিম (২৫) ভারতীয় মাঠে গরু চড়াতে গেলে ভারতীয়দের সঙ্গে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সুরেশ সিংহের নেতৃত্বে ২০/২৫ জন ভারতীয় নাগরিক রহিমকে বেধড়ক মারধোর করে। এ ঘটনার সূত্র ধরে ঘটনার প্রায় এক ঘন্টা পর ভারতীয় নাগরিকদের সঙ্গে ছিটমহলবাসীর এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ছিটমহলের কমপক্ষে ২০ জন এবং পাঁচ/ছয় জন ভারতীয় আহত হয়।
আহত ছিটমহলবাসী হচ্ছে জামান (২৫), হায়দার (৩৯), রহিম (২৮), মালেক (২০), ওয়াহেদ (৫৪), বাবুল (২৭), ফুলমান (৫৪), জসিম (৩৫), আব্দার (২৫), হায়েজ (২৫), লিয়াকত (৫২), মন্ট (২০)ু, সোহেল (৮), রাসুল (১০), হামিদা (২৫), খোদেজা (৩৫), ফয়জুন্নেসা (৬৫), রশিদা (৩৫), মিরাজুল (১২) প্রমুখ।
আহত ছিটমহলবাসীরা বর্তমানে কবিরাজি চিকিৎসা নিচ্ছে এবং মানবেতর জীবন-যাপন করছে। তারা আশংকা করছে, কোনও সময় ভারতীয়রা ছিটমহলে আক্রমন করে তাদের বাড়িঘর ভাংচুর, সম্পদ লুটপাট এবং নারী নির্যাতন করতে পারে।
আন্তর্জাতিক আইনী জটিলতার কারণে কোনও দেশের প্রশাসন ছিটমহলে প্রবেশ করতে না পারায় ছিটমহলবাসীরা আইনী সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে।
