পটুয়াখালীতে কালবৈশাখীর ছোবল ও বজ্রপাতে পাঁচজন নিহত: আহত অর্ধশতাধিক
পটুয়াখালী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল কালবৈশাখী ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতে সোমবার পাঁচজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশুসহ অন্ততঃ ১৮ জনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশংকাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত প্রায় ৩০ মিনিট স্থায়ী ঝড় জেলার সদর ও দশমিনা উপজেলার বিভিন্ন স্থানে আঘাত হানে। এতে সাধারণ মানুষের মধ্যে আতংকের সৃষ্টি হয়। সাধারণ ও শ্রমিকরা ছোটাছুটি করে বিভিন্ন স্থানে আশ্রয় নেয়।
এ সময় বজ্রপাতে সদর উপজেলার লাউকাঠি এলাকার মডার্ণ ব্রিকস ফিল্ডের শ্রমিক ইউসুফ (৩৫) ও আব্দুস সাত্তার (৪০) ঘটনাস্থলেই মারা যায়।
একই সময়ে আনোয়ার (৪৫), গণি (৫০), সোহাগ (২৭), নূরুল হক (২৭), শহিদ (৩৫), বাশার (২০), রশিদ (৩২), আলমগীর (৩২), ইব্রাহীম (২৫), জাকির (৩০), আব্দুল মজিদ (৪০), রাহিম (৩২), নূরু গাজী (৩৫), রিয়াজুল (৫ মাস), দিলীপ (৩০), ফরিদা (৩৫) ও দুলালসহ (৪০) প্রায় অর্ধশত আহত হয়। এদের মধ্যে ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই সময় দশমিনা উপজেলার আলীপুরা গ্রামে বজ্রপাতে পুস্পারাণী (১৮) ও অজ্ঞাত নামা পুরুষ (২৫) নিহত হয়।
এদিকে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কাছিছিড়া গ্রামের আলতাফ মোল্লাহ (৪০) বজ্রপাতে নিহত হয়।
ঝড়ে জেলার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
