২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী ইনস্টিটিউট অব চাইল্ড হেল্থ ও শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, শিশু ও নারী পাচার রোধে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 03:45 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

প্রধানমন্ত্রী সোমবার মিরপুরে ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ ও শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন হাসপাতালের ১৫তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

তিনি বলেন, থানা হাজত ও কারাগারে আটক শিশু ও কিশোর-কিশোরীদের সংশোধন ও পুনর্বাসনে নিরাপদ আবাসন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মা ও শিশুর মৃত্যুহার কমানো এবং নিরাপদ মাতৃত্ব ও প্রজনন সেবা পৌঁছে দিতে প্রায় দেড় হাজার পরিবার ও স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে সেবার মান বাড়ানো হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে মা ও শিশু কেন্দ্রের আধুনিকায়ন, শয্যা সংখ্যা বৃদ্ধি ও নতুন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।

বেগম জিয়া বলেন, নারী-শিশু ও দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি এবং স্বাস্থ্য সেবার উন্নয়নে সরকার তিন বছর মেয়াদী স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সংক্রান্ত কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক অঙ্গীকারের পাশাপাশি সরকার নির্বাচনী প্রতিশ্র“তি অনুযায়ী শিশুদের কল্যাণ ও উন্নয়নে নানামুখি কর্মসূচি বাস্তবায়ন করছে।

দেশে শিশু রোগ ও মৃত্যুহার কমিয়ে আনার লক্ষ্যে ১৯৮৩ সালে বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার ফলে স্থান সংকুলান না হওয়ায় নতুন ভবনের প্রয়োজনীয়তা দেখা দেয়। হাসপাতালের ১৫তলা ভবনটি নির্মিত হলে আরও চারশ শয্যায় রোগীর সেবাদান ছাড়াও চিকিৎসকদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ডিপ্লোমাসহ প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ সৃষ্টি হবে।

শিশু স্বাস্থ্য হাসপাতাল কর্তৃপক্ষ মোট রোগীর এক-তৃতীয়াংশকে বিনামূল্যে চিকিৎসা সুবিধা দিচ্ছে। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানকে এ দৃষ্টান্ত অনুসরণ করার আহবান জানান এবং হাসপাতাল ভবন নির্মাণে তাৎক্ষণিকভাবে দু কোটি টাকার অনুদানের ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী হাসপাতাল ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন।