২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি ফয়েজীর বিরুদ্ধে হাইকোর্টে আইনজীবীদের বিক্ষোভ

বিচারপতি ফায়সাল মাহমুদ ফয়েজীর আদালতে শুনানীকালে সোমবার আওয়ামী লীগপন্থী আইনজীবীরা হাইকোর্টের বারান্দায় প্রতিবাদ ও বিক্ষোভ প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 03:52 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

গত বছরের ৩০ অক্টোবর সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন তাকে বর্জনের ঘোষণা দেওয়ার পর রোববার পর্যন্ত বিচারপতি ফয়েজী আদালত কার্যক্রমে অংশ নেননি।

বিক্ষোভে নেতৃত্ব দেন সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বাসেত মজুমদার এবং বর্তমান সাধারণ সম্পাদক ইনায়েতুর রহিম।

প্রায় দুই শতাধিক আইনজীবী বারান্দা দিয়ে শ্লোগানসহ মিছিল করে তার কক্ষের সামনে যান। তাদের শ্লোগানে বলা হয়, ‘বর্জন চলছে, চলবে’।

এ সময় আইনজীবী নেতারা তাকে বারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে শুনানীতে অংশ না নেওয়ার আহ্বান জানান।

তবে সরকারি আইন কর্মকর্তা ও সরকারপন্থী আইনজীবীরা বিচারপতি ফয়েজীকে বলেন, তার আদালত কার্যক্রম অব্যাহত রাখা উচিত। সুপ্রীম কোর্টের প্রতি মানুষের পূর্ণ শ্রদ্ধা রয়েছে।

বিচারপতি ফয়েজী আদালত কার্যক্রম অব্যাহত রাখেন।

পরে বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নেতৃত্বে একদল আইনজীবী ঘটনার প্রতিবাদে বার এসোসিয়েশনে সভাপতি ও সম্পাদকের কার্যালয়ের সামনে অবস্থান নেন। তারা সেখানে প্রায় ১০ মিনিট অবস্থান করেন।

গত বছরের ৩০ অক্টোবর সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন বিচারপতি ফয়েজীর এলএলবি’র শিক্ষা সনদকে কেন্দ্র করে তার আদালত বর্জন করার সিদ্ধান্ত নেয়।

বার এসোসিয়েশনের সিদ্ধান্তকে কেন্দ্র করে বিচারপতি ফয়েজী প্রায় পাঁচ মাস আদালতে বসেননি। দীর্ঘ সময় পর তিনি রোববার প্রথম আদালত কার্যক্রমে অংশ নিলে বার এসোসিয়েশনের সভাপতি মাহবুবে আলম ও অন্য সিনিয়র সদস্যরা প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। তারা জানান, তার ‘সনদ জালিয়াতি’র বিষয়ে তদন্ত এখনো শেষ হয়নি।

প্রধান বিচারপতি আজ সুপ্রীম কোট বারের সাবেক ও বর্তমান সভাপতিদের সাথে বৈঠক করেন। বৈঠকে আইনজীবী নেতারা বিচার বিভাগের সম্মান রক্ষায় প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় প্রধান বিচারপতি বিষয়টি দেখবেন বলে জানান।

সাক্ষাতকারী আইনজীবী নেতাদের মধ্যে ছিলেন সাবেক সভাপতি ডঃ কামাল হোসেন, ব্যারিষ্টার শওকত আলী খান, অ্যাডভোকেট কাজী গোলাম মাহবুব, অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, ব্যারিষ্টার শফিক আহমেদ ও ওজায়ের ফারুক এবং বর্তমান সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম।