২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈসাবি’র উদ্বোধনীতে সন্তু লারমা: শান্তিচুক্তি বাস্তবায়ন করুন, অন্যথায় যে আন্দোলন প্রয়োজন, সেই আন্দোলন হবে

পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা সরকারের উদ্দেশ্যে বলেছেন, শান্তিচুক্তি বাস্তবায়নে এগিয়ে আসুন, দু:শাসনের কবল থেকে পাহাড়ের মানুষকে মুক্তি দিন। অন্যথায় পাহাড়ের মানুষ যে আন্দোলন প্রয়োজন, সেই আন্দোলনে যেতে বাধ্য হবে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 01:05 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

সোমবার পার্বত্য জেলা রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে পাহাড়িদের উৎসব বৈসাবি’র (বৈসুক, সাংগ্রাই ও বিঝু) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রামের বাস্তবতায় এখন বিঝু বরণ করার মতো সময় নয়। পাহাড়ে এখন চলছে সেনা সন্ত্রাস, সেনা নির্যাতন। প্রত্যন্ত পাহাড়ি এলাকায় সেনা সন্ত্রাসের কারণে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িকতা ছড়ানো হচ্ছে ।

তিনি বলেন, শান্তিচুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে জনজীবনে যে দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। চুক্তির বিরুদ্ধেষড়যন্ত্রের পর ষড়যন্ত্র চলছে ।

তিনি পাহাড়ি আদিবাসীদের আহ্বান জানিয়ে বলেন, ‘যত বাধা-বিপত্তিই আসুক না কেনো, নিজেদের অস্তিত্ব রক্ষায় সবকিছুকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। প্রতিষ্ঠা করতে হবে নিজেদের অধিকার!’

পরে তিনি পায়রা ও বেলুন উড়িয়ে বৈসাবি উৎসবের আনন্দ র‌্যালীর উদ্বোধন করেন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান এবং আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং প্রমুখ। সভাপতিত্ব করেন উৎসব কমিটির আহ্বায়ক সুকুমার দেওয়ান।

ঝিরিঝিরি বৃষ্টির ভেতর দূর্গম এলাকা থেকে আসা হাজার হাজার পাহাড়ি নারী, পুরুষ ও শিশু র‌্যালীতে অংশ নেয়। রংবেরঙের ঝলমলে পোষাকে ঢাক-ঢোল বাজিয়ে, পটকা ফুটিয়ে র‌্যালীকে তারা করে তোলে বর্নাঢ্য।