২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট শহররক্ষা বাঁধ নির্মাণ সম্পন্ন: আগামীকাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাগেরহাট শহররক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ পর্যন্ত সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামীকাল ১২ এপ্রিল বাঁধ উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 12:10 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

ভৈরব নদীর শহর প্রান্তে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই বাঁধ কার্যকর হলে বাগেরহাট পৌর এলাকার প্রায় আধা লাখ লোক অতিবর্ষণ ও জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। পাশাপাশি শহরের যানজট নিরসনে বাঁধ সংলগ্ন সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বেড়িবাঁধ উদ্বোধন ছাড়াও প্রধানমন্ত্রী ওই দিন নবনির্মিত বাগেরহাট পুলিশ লাইন ও কচুয়ায় ৫০ শয্যা হাসপাতালের এবং বাগেরহাট প্রেসক্লাবের সম্প্রসারিত ভবন উদ্বোধন করবেন বলে জানা গেছে।

একই দিন বিকেলে তিনি শহরের খানজাহান আলী কলেজ মাঠে বিএনপি আয়োজিত জনসভায়ও ভাষণ দেবেন।

বাগেরহাট এলজিআরডি প্রকৌশলী রফিকুল আলম জানান, ২০০৩-০৪ অর্থবছরে মাঝারি শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় ৫ কোটি ৮৫ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে ৪ দশমিক ৭৫ কিলোমিটার দীর্ঘ শহররক্ষা বাঁধ এবং বাঁধ সংলগ্ন সড়কটি নির্মাণ করা হয়েছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কাজী এনামুল কবির জানান, ৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে কচুয়া উপজেলার ৩১ শয্যার হাসপাতালটিকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।

বাগেরহাট গণপূর্ত অধিদপ্তর সূত্র জানায়, প্রায় সাড়ে ১৯ কোটি টাকা ব্যয়ে সিংড়াই ও রণবিজয়পুরে ১০ একর জমিতে পুলিশ লাইন নির্মাণের কাজ চলছে। ইতোমধ্যে ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এখনও প্রায় ১১ কোটি টাকার কাজ বাকি রয়েছে।

সম্পন্ন কাজের মধ্যে তিন‘শ পুলিশের একটি ব্যারাক ছাড়াও অস্ত্রাগার, পাম্প হাউস, রেশন স্টোর ও এমটি সেকশন রয়েছে।