স্পেন ট্রাজেডির শিকার বাংলাদেশীদের প্রত্যাবর্তনে অগ্রগতি নেই, সরকারের উদাসীনতাকেই দায়ি করছেন স্বজনেরা
স্পেনে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহত ও অসুস্থ বাংলাদেশীদের ফিরিয়ে আনার সরকারি প্রচেষ্টার কোন অগ্রগতি না হওয়ায় তাদের স্বজনেরা গভীর উদ্বেগে সময় কাটাচ্ছেন।
ভাগ্য বিড়ম্বিত ১৬ বাংলাদেশীর একজন মিজানুর রহমানের ভাই রাজিব বলেন, আমরা আমাদের ভাইয়ের স্বদেশ প্রত্যাবর্তনের খরচ কিছুটা হলেও বহন করতে রাজি।
গত ২৮ ফেব্র“য়ারি মিজানসহ ১৬ বাংলাদেশীকে আলজেরিয়ান নৌবাহিনী উদ্ধার করে।
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাজিব আরও বলেন, তাকে স্পেন পাঠানোর জন্য আমরা সাত লাখ টাকা খরচ করেছি। ভাইকে ফেরত পেতে প্রয়োজনের আরও কিছু টাকা খরচ করতে আমরা রাজি।
অন্যান্য ভাগ্যবিড়ম্বিত বাংলাদেশী দোহারের সোহেল রানা (২৫), রিপন মোল্লা (২৩), সাজ্জাদ হোসেন (২৬), মোজাম্মেল হোসেন (১৭) এবং সাইদুর রহমানের (২২) স্বজনদেরও ভাবনা রাজীবের মত।
তারা সকলেই স্বজনদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের উদাসীনতাকেই দায়ী করছেন।
ভাগ্যাগত ওই ২৭ বাংলাদেশী যুবক চোখে একরাশ সপ্ন নিয়ে স্পেনে যাওয়ার উদ্দেশ্যে মরক্কো থেকে ছোট একটি ট্রলারে করে ভূমধ্যসাগর পাড়ি দেয়। মাঝে পথ হারিয়ে গভীর সমুদ্রে ঢুকে পড়ে এবং এক পর্যায়ে খাবার ও পানীয়ের অভাবে একে একে ১১ বাংলাদেশী প্রাণ হারায়। বাকি ১৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় আলজেরীয় নৌবাহিনী উদ্ধার করে।
অসুস্থ বাংলাদেশী ও নিহতদের লাশ এখন আলজেরিয়ায় রয়েছে বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে।
সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ১৬ বাংলাদেশীকে এবং ১১টি মৃতদেহ ফিরিয়ে আনার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, অসুস্থ বাংলাদেশীদের দেশে প্রত্যাবর্তনের বিষয়টি এখনও অনিশ্চিত। কারণ এখনও পর্যন্ত আমরা আইওএম’র কাছ থেকে কোনও উত্তর পাইনি।
আইওএম বাংলাদেশ শাখার সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, জেনেভায় তাদের সদর দফতরে একটি আবেদন পত্র পাঠানো হয়েছে।
এদিকে ওই দুর্ঘটনার পর মরক্কোর বাংলাদেশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে বাংলাদেশীদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে অনুরোধ করে। সেই অনুরোধের প্রেক্ষিতে মন্ত্রণালয় আইওএম-কে প্রত্যাবর্তন খরচ বহন করার জন্য অনুরোধ জানায়।
