দেশে কয়লাভিত্তিক এবং মার্চেন্ট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে টাটাকে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পরামর্শ
বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ভারতীয় কোম্পানি টাটা গ্র“পকে বাংলাদেশে কয়লাভিত্তিক এবং মার্চেন্ট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরামর্শ দিয়েছেন। টাটার একটি প্রতিনিধি দল রোববার সচিবালয়ে তার দপ্তরে সাক্ষাৎ করতে গেলে তিনি এই পরামর্শ দেন।
টাটা পাওয়ারের নির্বাহি পরিচালক রামা কৃষ্ণান বলেন, তারা প্রাক-সম্ভাব্যতা যাচাইয়ের শেষ পর্যায়ে রয়েছেন। গ্যাস এবং কয়লা উভয় বিষয়কে বিবেচনায় রেখেই তাদের সম্ভাব্যতা জরিপের কাজ চলছে।
বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে গত বছরের অক্টোবরে টাটা গ্র“পের প্রধান রতন এন টাটা বিনিয়োগ বোর্ডের সাথে একটি আগ্রহ চুক্তি স্বাক্ষর করেন।
চার সদ্যসের টাটা প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন বাংলাদেশে টাটা প্রকল্পের প্রধান সুরেশ এন, টাটার বাংলাদেশ প্রতিনিধি মানজার হোসেন এবং মার্কেটিং কনসালটেন্ট এমএ রিয়াজ।
টাটা প্রতিনিধিরা প্রতিমন্ত্রীকে জানান, বিদ্যুৎ, সার এবং ইস্পাত শিল্পে দুই বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে যে প্রাক-সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে, তা চলতি মাসেই শেষ হবে। এই কাজের সময় তারা সরকারের সকল পর্যায় থেকে সর্বোচ্চ সহযোগিতা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী টাটার প্রতিনিধিদের বলেন, বাংলাদেশে দু’ধরনের বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগের সুযোগ রয়েছে। প্রথমটি হচ্ছে আইপিপি। এর নিয়মনীতি কিছুটা কঠিন। অন্যটি মার্চেন্ট পাওয়ার প্লান্ট। এর উৎপাদিত বিদ্যুৎ কেনার ক্ষেত্রে সরকারের কোনও বাধ্যবাধকতা নেই।
ইকবাল হাসান মাহমুদ বলেন, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ৯২ শতাংশ ক্ষেত্রে গ্যাস ব্যবহার হচ্ছে। কিন্তু আমাদের আছে ভালো মানের কয়লা। আর এই কয়লা ব্যবহার করে তিনি টাটাকে বিদ্যুৎ উৎপাদনের পরামর্শ দেন।
