২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের ডিইপিজেডে সংঘষর্, পুলিশ শ্রমিকসহ আহত ১৫০

ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (ডিইপিজেড) এলাকায় রোববার ঘন্টাব্যাপী সংঘর্ষে শ্রমিক, পুলিশ ও স্থানীয় নিরাপত্তাকর্মীসহ কমপক্ষে ১৫০ জন আহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2005, 05:18 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

একটি বিদেশি প্রতিষ্ঠানের মালিকানা বিরোধ ও শ্রমিকদের পাওনা নিষ্পত্তির দাবিকে কেন্দ্র করে বেপজা অফিস এলাকায় এ সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শ্রীলঙ্কা ও হংকংয়ের যৌথ মালিকানাধীন ওনারওয়ে গার্মেন্টসে দীর্ঘদিন ধরে মালিকানা নিয়ে বিরোধ চলছিল। বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কান মালিক মিসেস হাফসাকে শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগে কারখানা থেকে বের করে দেয়া হয়।

আদালতের রায় নিয়ে রোববার সকালে শ্রীলঙ্কান এই মালিক আবার কারখানায় এলে কর্মরত শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

একপর্যায়ে শ্রমিকরা শ্রীলঙ্কান মালিকের বিরুদ্ধে স্লোগান দিয়ে তাদের আত্মসাৎকৃত টাকা দাবি করে এবং স্থানীয় বেপজা অফিসে গিয়ে জিএম আফতাবুল আলমকে বিষয়টি জানায়। প্রায় তিন হাজার শ্রমিক বেপজা অফিস ঘেরাও করে। দাবি পূরণ না হলে তারা কাজে যোগ দেবে না বলে জানায়।

এক পর্যায়ে বেপজার নিরাপত্তাকর্মীরা শ্রমিকদের ওপর লাঠি চার্জ করলে সংঘর্ষ বেধে যায়। উত্তেজিত শ্রমিকরা বেপজা অফিসের প্রশাসনিক ভবনের প্রায় ১০টি কক্ষের দরজা জানালা ও আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে।

খবর পেয়ে সাভার থানা পুলিশ ও আনসার ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় ।

পুলিশ দু শ রাউণ্ড রাবার বুলেট ও বেশ কিছু কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। শ্রমিকরাও পাল্টা হামলা চালায়। এ সংঘর্ষে ১৫০ জন আহত হয়।

আহতদের মধ্যে আছে, শ্রমিক, স্থানীয় নিরাপত্তাকর্মী ও সাভার সার্কেলের এএসপিসহ ১৫ জন পুলিশ।

আহত নিরাপত্তাকর্মী হারুন, আশরাফুল, মাসুদুর রহমান, সোহাগ, গাজী দুলাল ও বাবুলকে মারাত্মক আহতাবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অপরদিকে, পুলিশের রাবার বুলেটে আহত শ্রমিক আব্দুর রশিদ, জুয়েল, তাজুল, রসুল, শহিদুল ইসলাম ও ফরিদকে বেপজা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে ওই এলাকায় ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে সাভার থানায় একটি মামলা হয়েছে।