২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

রাজধানীতে পহেলা বৈশাখ উদযাপনে কোন প্রকার নাশকতামূলক কর্মকান্ড ঠেকাতে এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2005, 05:54 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

নিয়মিত আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি সোমবার থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) ১৭০০ সদস্য নিয়োজিত থাকবে। এ সময় র‌্যাব সদস্যরা অত্যাধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যবহার করবে।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব ১ ও ২-এর সদস্যরা পহেলা বৈশাখ অনুষ্ঠানের মূল কেন্দ্র রমনা বটমূল ও রমনা পার্কের ভেতরে (ইনার প্যারামিটার) টহল জোরদার করবে। উৎসবস্থলের আউটার প্যারামিটার নিরাপত্তা বেস্টনির আওতায় থাকবে শিশুপার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, সড়ক ভবন, হাই কোর্ট, শিল্পকলা একাডেমী, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, সুগন্ধা, বারডেম হাসপাতাল, ঢাকা ক্লাব, পিএইচই ভবন, ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট, ভাসানি সড়ক, কাকরাইল, জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ ও শাহবাগ চত্তর। এছাড়া র‌্যাব ৩ ও ৪র সদস্যরাও রাজধানীর অন্যান্য পয়েন্টে পহেলা বৈশাখ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে নিয়োজিত থাকবে।

গত ২০০১ সালের পহেলা বৈশাখ উদযাপনের সময় ছায়ানটের অনুষ্ঠানে শক্তিশালী বোমা বিষ্ফোরণে ১০ জন নিহত হয়েছিল। এ ঘটনার পর থেকেই পরবর্তী বছরগুলোতে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে রাজধানীর রমনা পার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সরকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আসছে।

র‌্যাবের এক কর্মকর্তা জানান, “রমনা পার্কের অভ্যন্তরে বিভিন্ন পয়েন্টে ভিডিও ক্যামেরা এবং প্রবেশ পথে মেটাল ডিটেক্টর স্থাপন করা হবে। জনসাধারনকে মেটাল ডিটেক্টর অতিক্রম করে উদযাপনের মূল কেন্দ্র রমনা বটমূলে যেতে হবে।”

তিনি আরও বলেন, রমনা পার্কের অভ্যন্তরে সর্বাধুনিক ও দ্রুতগামী যোগাযোগ প্রযুক্তির সুবিধা সমৃদ্ধ একটি ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল ও র‌্যাবের একটি কন্ট্রোল রুম স্থাপন করা হবে। পাশাপাশি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাদা পোশাকে রমনা পার্কের উৎসব স্থল ও এর আশেপাশের এলাকা টহল দেবে।

রমনা পার্কের লেকে স্পিডবোটে পুলিশের টহলর ব্যবস্থা থাকবে, এছাড়াও বোমা নিষ্ক্রিয় করার ইউনিট ও ডগ স্কোয়াড নিয়োজিত করা হবে।

এক প্রশ্নের উত্তরে এডিসি দক্ষিণ শাহরিয়ার রহমান বলেন, উৎসবস্থলে ডিএমপির ৭০০র অধিক পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হবে। এদিকে স্টার গেইট থেকে প্রধান বিচারপতির বাসভবন পর্যন্ত রোববার ডিএমপি’র দুটি দল  মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার থেকে রমনা বটমূলের প্রত্যেকটি গেইট ও টিএসসি’র রাজু মেমোরিয়াল এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশের তিনটি দলকে স্থায়ীভাবে মোতায়েন করা হবে।

ডিএমপি সূত্র জানিয়েছে যে, নিরাপত্তা ব্যবস্থায় সমন্বয় করতে তারা ইতোমধ্যে রমনা বটমূলে মূল অনুষ্ঠানের আয়োজক ছায়ানট ও সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’র সাথে যোগাযোগ করতে শুরু করেছে।