ভিসি কার্যালয়সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ভাংচুর
উপাচার্য কার্যালয়সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রোববার ব্যাপক ভাংচুর করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের এক গ্র“পের কর্মীরা। উপাচার্য প্যানেলে নিজেদের গ্র“পের শিক্ষকের নাম না থাকায় এ ঘটনা ঘটানো হয়েছে বলে জানা যায়।
রাজশাহী, এপ্রিল ১০ (বিডিনিউজ) - ছাত্রদলের রাবি শাখা এক সংবাদ সম্মেলনে উপ-উপাচার্য শাহাদাৎ হোসেন মণ্ডল ও ছাত্রদলের রাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক আসলাম রেজাকে এ ঘটনার জন্য দায়ী করেছে।
জানা গেছে, উপাচার্য প্যানেলে বর্তমান উপ-উপাচার্য শাহাদাৎ হোসেন মণ্ডলের নাম নেই। রাবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসলাম রেজা উপ-উপাচার্য গ্র“পের।
প্রাণ রসায়ন ও অনুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষক ও সিনেট সদস্য অধ্যাপক নুরুল আবসার এ তালিকার শীর্ষে রয়েছেন।
রোববার সকাল সাড়ে দশটার সময় প্রাণ রসায়ন ও অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল আবসারের কক্ষে সন্ত্রাসীরা জানালা ভেঙ্গে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় এবং ক্লাশরুম ভাংচুর করে।
এ সময় তারা প্রক্টর ও ছাত্র উপদেষ্টার কার্যালয় এবং ফার্মেসী ও মাইনিং বিভাগেও ভাংচুর করে।
অভিযোগ পাওয়া গেছে, এসময় সন্ত্রাসীদের সাথে প্রাণ রসায়ন বিভাগের শিক্ষক কাজী আব্দুস সালাম ও মোমিনুল হক ছিলেন। ঘটনাস্থলে ঐ বিভাগের শিক্ষক ড. সুলতান উল ইসলাম লাঞ্চিত ও আঘাতপ্রাপ্ত হন।
সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রাণ রসায়ন ও অনুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ সোমবার পূর্ণ দিবস কর্মবিরতি পালনের কর্মসূচী ঘোষণা করেছে।
