নারায়নগঞ্জে দুটি ডাকাতির ঘটনা, ৩ লাখ টাকার অধিক মালামাল লুট
শহরের ফতুল্লা এলাকায় শনিবার রাতে ডাকাতরা এক নৈশ প্রহরীকে হত্যাসহ অপর এক ডাকাতি ঘটনায় ডাকাতরা ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, নিহত নৈশ প্রহরী লোকমান গোদনাইল এলাকার সালাদিন গার্মেন্টসে অপর এক নৈশ প্রহরীসহ কর্তব্যরত অবস্থায় ছিল। শনিবার রাত আড়াইটার দিকে নৈশ প্রহরী লোকমানের মাথায় আঘাত করে এবং অপর জনের হাত মুখ বেধে একদল ডাকাত উক্ত গার্মেন্টসে অফিস কক্ষ থেকে ৩৪ হাজার টাকা লুট করে নেয়। আহত নৈশ প্রহরী লোকমানকে হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।
ওই রাতে আরেকটি ডাকাতির ঘটনা ঘটেছে ফতুল্লার শান্তিধারা এলাকায়। ডাকাতরা জনৈক মইনুদ্দীনের বাড়ীতে ঢুকে গৃহকর্তা জহিরুল ইসলামের হাতমুখ বেঁধে নগদ টাকা ও স্বর্নালংকারসহ প্রায় পৌনে ৩ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
ডাকাতি দুটির ঘটনায় পৃথক পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে ফতুল্লা থানায়।
