২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারের অভাবে অচল হয়ে পড়ছে সিরাজগঞ্জ স্থলবন্দর

সিরাজগঞ্জ রেলওয়ে স্থলবন্দরটি প্রয়োজনীয় সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। সরকার প্রতিমাসে প্রায় কোটি টাকার মতো রাজস্ব আয় করলেও বন্দর উন্নয়নে কোনও কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না বলে আমদানিকারকদের অনেকেই আক্ষেপ করেছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

সিরাজগঞ্জ রেলওয়ে স্থলবন্দর দিয়ে ভারত থেকে সরাসরি গম, ভুট্টা, সয়াবিন, ক্লিঙ্কার ও পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি করা হয়। স্থলবন্দরে কাজ করে প্রায় সহস্রাধিক শ্রমিক। এছাড়া বন্দরটি ঘিরে গড়ে উঠেছে দোকানপাট। ফলে বেশকিছু মানুষের কর্মসংস্থানের সুবিধা হয়েছে এবং আরও হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এরই মধ্যে বন্দরের অধিকাংশ জায়গা বেদখল হয়ে গেছে। রেললাইন ঘেঁষে স্থায়ী ও অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে শত শত ঘরবাড়ি। এছাড়া বন্দরের ভিতর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে বন্দরের ভিতরে বৃষ্টির পানি জমে থাকে। এতে করে আমদানিকারকদের মালামালের অনেক ক্ষতি হয়।

বন্দরের লাইটিং ব্যবস্থা খুব খারাপ। আমদানিকারকদের এজন্য প্রতিনিয়ত আশঙ্কায় থাকতে হয়। বন্দর এলাকার অধিকাংশ স্থানে রেললাইনের স্লিপার নেই। শুধু মাটির ওপর ভর করে আছে লাইনগুলো। যে স্লিপারগুলো আছে তা-ও মাটির নিচে ঢাকা পড়ে আছে। সংস্কারের উদ্যোগ কখনোই নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয় আমদানিকারক প্রফুল্ল কুমার মালাকার।

ইয়াকুব আলী নামের অপর এক আমদানিকারক জানান, গত ৩০ বছরের মধ্যে স্থলবন্দরের স্থায়ী কোনও সংস্কার হয়নি এবং প্রয়োজনীয় পাহারার ব্যবস্থা না থাকায় প্রায় প্রতিদিনই বন্দরের বিভিন্ন সরঞ্জামাদি চুরি হচ্ছে। শ্রমিকরা জানান, বন্দরের ভিতর রাস্তাঘাট না থাকায় মালামাল পরিবহনে বেশ সমস্যা হয়। জীবনের ঝুঁকি নিয়ে তাদের মালামাল বহন করতে হয়। এছাড়া রেলওয়ে ওয়াগনগুলো প্রায়ই লাইনচ্যুত হয়ে পড়ে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, গোডাউনের অভাবে হাজার হাজার মে.টন মালামাল খোলা আকাশের নিচে পড়ে আছে। বিশ্বস্ত সূত্র জানায়, নদীভাঙন এলাকা থেকে এসে লোকজন রেলইয়ার্ডেও অবৈধভাবে বসতি গেড়েছে। তাদের অনেকেই আবার মাদক-ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক ক্রিয়াকলাপে জড়িয়ে পড়েছে।

স্থানীয় রেল কর্তৃপক্ষসহ পাকশী বিভাগীয় কর্তৃপক্ষের সাথে আলাপ করে জানা যায়, তারা রেলওয়ে ইয়ার্ড বা স্থলবন্দরের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করেছেন। কিন্তু এখন পর্যন্ত কোনও বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি।