কলকাতায় থাকতে না পেরে ইউরোপে ফিরে যাচ্ছেন তসলিমা নাসরিন
আবার ইউরোপে ফিরে যাচ্ছেন তসলিমা নাসরিন। পশ্চিমবঙ্গ সরকার তার ভারতীয় নাগরিকত্বের আবেদনের বিরোধিতা করায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তসলিমা নাসরিন নিজেই তার এ সিদ্ধান্তের কথা জানান।
কলকাতার বেশকিছু বুদ্ধিজীবী এবং শিল্পী-সহিত্যিক তসলিমার ভারতীয় নাগরিকত্ব বা ভারতবাসের অনুমতি আদায়ের দাবিতে কলকাতায় ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে। কিন্তু সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তসলিমা নাসরিন আকস্মিকভাবেই জানান, ইউরোপে ফিরে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছেন তিনি।
কলকাতা প্রেসক্লাবে শিবনারায়ণ রায়, অম্লান দত্ত, শরৎকুমার মুখোপাধ্যায়ের মতো লেখক-বুদ্ধিজীবীদের নিয়ে সেঁজুতি নামের একটি সংগঠন একটি এ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলন প্রয়াত কবি বুদ্ধদেব বসুর স্ত্রী বর্ষীয়ান সাহিত্যিক প্রতিভা বসুর অনুরোধে বক্তব্য রাখতে গিয়ে তসলিমা জানান, বাংলাদেশে থাকতে না পেরে কলকাতায় স্থায়ীভাবে বসবাসের জন্য অনুমতি চাইলে এখানকার বাংলাভাষাভাষী মানুষের গণতান্ত্রিক অধিকারে নির্বাচিত বামপন্থি ও ধর্মনিরপেক্ষ শক্তির সরকার তার বিরোধিতা করবে তা তিনি ভাবতেও পারেননি।
ভারতীয় নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের আবেদন খারিজ হয়ে যাওয়ার ব্যাপারটি এতদিন তিনি স্বীকার করেননি। শুক্রবারের সংবাদ সম্মেলনে হলুদ-নীল জামদানি শাড়ি পরে উপস্থিত হয়েছিলেন তসলিমা নাসরিন।
সংবাদ সম্মেলনে আবেগরুদ্ধ কণ্ঠে তিনি বলেন, আমি খুব কষ্ট পেয়েছি। ভারত সরকার বা অন্য রাজ্যের কোনও সরকার বিরোধিতা করলে এত কষ্ট পেতাম না। এটা আমার কাছে খুব বেদনাদায়ক।
তসলিমা বলেন, আর আসতে পারব কি না, জানি না। আবার ইউরোপে, বিদেশে, ভিন্ন ভাষা ও ভিন্ন সংস্কৃতির মধ্যে থাকতে হবে।
তিনি বলেন, এটি আমার একেবারেই মানবিক আবেদন ছিল। আমি বাংলার মেয়ে, বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও আমি থাকতে পারছি না।
সংবাদ সম্মেলনে তসলিমা অনুরাগীরা বলেন, তসলিমাকে পশ্চিমবঙ্গে বা ভারতে বসবাসের অনুমতি না দিয়ে সংশ্লিষ্ট সরকার রাজনৈতিক সংকীর্ণতার পরিচয় দিয়েছে। কারণ জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি চিরজীবন এখানে থাকতে চেয়েছিলেন।
