সিরাজগঞ্জে খাস জমির মাটি ভরাট নিয়ে সংঘর্ষ, ৪ পুলিশসহ আহত ২৪
জেলার রায়গঞ্জ উপজেলায় শুক্রবার সরকারি খাস জমিতে মাটি ভরাট নিয়ে সংঘর্ষে এবং পুলিশের লাঠিচার্জে চার পুলিশসহ কমপক্ষে ২৪ জন আহত হয়েছে। আহতদের থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে হাটকান্দা সরকারি আবাসন প্রকল্পের মাটি ভরাট কাজের আনুষ্ঠানিক উদ্বোধনের কিছুক্ষণ পরে চার-পাঁচশ গ্রামবাসী লাঠি সোঠা নিয়ে মাটি ভরাট কাজে নিয়োজিত শ্রমিকদের ওপর হামলা চালায়। শ্রমিকরাও গ্রামবাসীর ওপর পাল্টা হামলা চালায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফা লাঠিচার্জ করে এবং চার-পাঁচ রাউণ্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
সূত্র জানায়, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতেই এ সংঘর্ষ বাধে।
