২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ইউপি সম্মেলনে রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের অভিযোগ:কৈফিয়ত চেয়ে প্রশাসনকে চিঠি দেবে আ’লীগ

বিএনপির ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে ‘রাষ্ট্রীয় অর্থ ব্যয় এবং সরকারি ক্ষমতা অপব্যবহারের’ বিষয়ে কৈফিয়ত চেয়ে প্রশাসনকে চিঠি দেবে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 06:41 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল আজকালের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে এ চিঠি পাঠাবেন বলে জানা গেছে।

আব্দুল জলিল এমপি বিডিনিউজকে জানান, এরই মধ্যে ওই চিঠির খসড়া চুড়ান্ত হয়েছে। দলীয় সভানেত্রীর অনুমোদন ক্রমে তা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে।

তিনি বলেন, একটি রাজনৈতিক দলের সম্মেলনের জন্যে সরকারি ক্ষমতা ও জনগণের বিপুল পরিমাণ অর্থ কেনো ব্যয় করা হয়েছে, ওই চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট জেলা ও পুলিশ প্রশাসনের কাছে তা জানতে চাওয়া হবে। বিএনপি’র ইউনিয়ন পর্যায়ের সম্মেলনে স্থানীয় প্রশাসন যা করেছে, তা জনস্বার্থ বিরোধী।

তিনি আরও বলেন, ওই সব সম্মেলনে স্থানীয় প্রশাসন সরকারি কোষাগার থেকে কতো টাকা ব্যয় করেছে এবং কেনো তা করা হয়েছে, তাও ওই চিঠিতে জানাতে অনুরোধ করা হবে। 

আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, আব্দুল জলিল, ড. কামাল হোসেন, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ব্যারিস্টার আমীর উল ইসলামসহ বেশ  কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে এ ব্যাপারে গত সপ্তাহে কথা বলে চিঠির খসড়া প্রস্তুত করেন।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরআগে দেশের বাইরে থাকায় আব্দুল জলিল সে সময় তার সঙ্গে টেলিফোনে কথা বলে বিষয়টি তাকে জানান। তার অনুমতি নিয়েই আওয়ামী লীগ চিঠি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করে বলে সূত্র জানায়।

অপর একটি সূত্র জানায়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সন্তোষজনক উত্তর না পেলে আওয়ামী লীগ প্রয়োজনে আইনের আশ্রয় নিতে পারে।

এক প্রশ্নের জবাবে দলীয় সাধারণ সম্পাদক আব্দুল জলিল বিডিনিউজকে বলেন, বিএনপি তাদের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের নামে জনগণের অর্থের যে হরিলুট চালিয়েছে, তার হিসেব দেশের মানুষকে অবশ্যই দিতে হবে।