শিবালয়ে উপজেলা নির্বাহী আফিসারকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে
ঘুষ, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার আবু ইউসুফকে শুক্রবার অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। রোববারের মধ্যে তাকে অপসারণ না করলে উপজেলা পরিষদ ঘেরাওসহ ১৩ এপ্রিল সকল হাট-বাজারে অর্ধদিবস ধর্মঘটের ডাক দিয়েছে এলাকাবাসী।
এলাকাবাসীর পক্ষ থেকে শুক্রবার বেলা সাড়ে ১১ টায় মানিকগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শিবালয় উপজেলা নির্বাহী অফিসারকে অবাঞ্ছিত ও অপাসারণের দাবি জানানো হয়।
শিবালয় উপজেলা নির্বাহী অফিসার আবু ইউসুফের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগে তার অপসারণের দাবিতে এলাকাবাসী ৩১ মার্চ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেয়। ৩ এপ্রিল ঝাড়– মিছিল, কুশ পুত্তলিকা দাহ, ঢাকা আরিচা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে সমাবেশ করে। ইউএনও আবু ইউসুফের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রহমত আলী লাবলু।
